বিতর্কিত বক্তব্যে ক্ষমা চাইলেন বাউল শিল্পী হাসিনা

নারী বাউল শিল্পীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের পর অবশেষে ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার। সম্প্রতি এক বক্তব্যে তিনি দাবি করেছিলেন, নারী শিল্পীরা কুপ্রস্তাবের শিকার হন এবং অনেক সময় ‘বেডে’ না গেলে অনুষ্ঠান পাওয়া যায় না। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
সমালোচনার প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন হাসিনা সরকার। একই সঙ্গে তিনি বাউল শিল্পীদের কাছে ক্ষমাও চান।
ভিডিও বার্তায় তিনি বলেন, “সকল বাউল শিল্পীর কাছে আমি ক্ষমা চাইছি। সবাই যেন আমাকে আগের মতো আগলে রাখেন, সেই প্রত্যাশা করছি।”
হাসিনা সরকার দাবি করেন, সাম্প্রতিক বিতর্কের পর মিরপুরে তার একটি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া তার নাম ‘হাসিনা সরকার’ হওয়ায় বিভিন্ন অনুষ্ঠান থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “অনেক জায়গায় বলা হয়েছে, হাসিনা সরকার নামে কোনো শিল্পী গান গাইতে পারবে না। কোথাও গানের অফার পেলেও পরে তা অন্য শিল্পীদের দিয়ে দেওয়া হয়েছে।”
নিজের আগের মন্তব্য প্রসঙ্গে হাসিনা জানান, ক্ষোভ ও হতাশা থেকেই তিনি এমন কথা বলেছিলেন। তার ভাষায়, “রাগের মাথায় বলেছিলাম, যার সঙ্গে যার যোগাযোগ থাকে, তাদের অনুষ্ঠান দেওয়া হয়। আমার সঙ্গে কারও সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। এটা বলা আমার ভুল হয়েছে।”
ভোরের আকাশ/সু.পা