জেল থেকে বেরিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে ঘুরলেন নোবেল

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়ার এক মাসের বেশি সময় পর জামিনে মুক্তি পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
জামিনের আদেশ আসে একদিন আগেই। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত শুনানি শেষে নোবেলের জামিন মঞ্জুর করেন।
কারামুক্তির খবর পেয়ে নববিবাহিতা স্ত্রী প্রিয়া সকালেই কারাগারের সামনে উপস্থিত হন। মুক্তি পাওয়ার পর নোবেল ও প্রিয়াকে মোটরসাইকেলে কারা ফটকের আশপাশে ঘুরে বেড়াতে দেখা যায়। দুজনেই ছিলেন হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মুক্তি নিয়ে আলোচনার ঝড় ওঠে। তার অফিশিয়াল ফেসবুক পেজ ‘নোবেলম্যান’-এ একটি ছবি পোস্ট করে লেখা হয়, “গর্জন ফিরে এসেছে, নীরবতা শেষ হয়েছে। নোবেল ভাই আবার মঞ্চে ফিরে এসেছেন ঝড় তুলতে। নোবেল ভাই আবার তোমার মনে ঝড় তুলতে এসেছে।”
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম বলেন, “জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে সকাল সাড়ে ৯টার দিকে নোবেলকে মুক্তি দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, গত ২০ মে রাজধানীর ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হন নোবেল। মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্ত সাত মাস ধরে সেই নারীকে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালিয়েছেন।
পরবর্তীতে আদালতের নির্দেশে কারাগারেই নোবেল ও মামলার বাদী নারীকে বিয়ে দেওয়া হয়। গত ২০ জুন, বৃহস্পতিবার দুপুরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নতুন জীবনে পা রেখেই কারামুক্ত হলেন গায়ক নোবেল। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো বাকি।
ভোরের আকাশ//হ.র