বইপোকা নাটকে দর্শক মাতালেন মোশাররফ-নীলা

তরুণ নির্মাতা রাজ্জাক রাজ পরিচালিত ভিন্নধর্মী গল্পের নাটক ‘বইপোকা’ মুক্তির পরপরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং তার বিপরীতে দেখা গেছে এ প্রজন্মের অভিনেত্রী নীলাঞ্জনা নীলা-কে।
গত ১ মে রাতে এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হয় এবং পরদিন ২ মে ‘বিন্দু ভিশন’ ইউটিউব চ্যানেলে চ্যানেলে উন্মুক্ত করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটি নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়।
নাটকটির গল্প লিখেছেন আল আমিন স্বপন। এতে আরও অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, লিপু মামা, সাবিনা রনি, মুকুল সিরাজ, ইমরান আজান, ইমরান হাসো, মোহাম্মদ রফিক, ফাহমিদা তৃষা, লিমন আহমেদ, মহসিন আকাশ ও প্রিম রোজসহ অনেকেই।

গল্পে দেখা যায়, হাসান জহির চরিত্রে মোশাররফ করিম শহরের বিলাসবহুল জীবন ও উচ্চ বেতনের চাকরি ছেড়ে স্ত্রী মনীষাকে নিয়ে গ্রামে চলে আসেন। মনীষা চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা। গ্রামে এসে কৃষিকাজের পাশাপাশি মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে কাজ শুরু করেন হাসান। তিনি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ—যৌতুকলোভী, দুর্নীতিবাজ জনপ্রতিনিধি, নেশাগ্রস্ত তরুণ এমনকি সামাজিক মাধ্যমে আসক্তদেরও বইয়ের দিকে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। নিজের জমি বিক্রি করে গ্রামে একটি লাইব্রেরি গড়ার স্বপ্নও দেখেন তিনি।
তবে তার এই উদ্যোগ সবাই ভালোভাবে নেয় না। গ্রামের কিছু বিপথগামী মানুষ মিথ্যা চুরির অভিযোগ তুলে তাকে মারধর করে। শেষ পর্যন্ত হাসানের এই জ্ঞান ছড়িয়ে দেওয়ার লড়াই সফল হয় কি না—সেই প্রশ্নের উত্তর নিয়েই এগিয়েছে নাটকের গল্প।
গাজীপুরের পূবাইলের মনোরম পরিবেশে নাটকটির শুটিং করা হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন সামসুল ইসলাম লেলিন, ফোরকান উদ্দিন ও জি এস চঞ্চল। প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আরিফুর রহমান রাহুল।
নির্মাতা রাজ্জাক রাজ এই নাটক নির্মাণে সহযোগিতার জন্য মোশাররফ করিম, অভিনেত্রী রোবেনা রেজা জুঁইসহ সকল কলাকুশলী ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার প্রত্যাশা, ‘বইপোকা’ শুধু বিনোদনই নয়, সমাজে বই পড়ার গুরুত্ব সম্পর্কেও সচেতনতা তৈরি করবে।
ভোরের আকাশ/সু.পা