যমজ সন্তানের বাবা হলেন রাম চরণ

দক্ষিণ ভারতীয় তারকা রাম চরণ ও তার স্ত্রী উপাসনা যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের ঘরে জন্ম নিয়েছে এক ছেলে ও এক মেয়ে। এই আনন্দের খবর নিশ্চিত করেছেন রাম চরণের বাবা চিরঞ্জীবী। গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, মা ও দুই নবজাতক—তিনজনই সুস্থ আছেন।
এই সুখবর ইতিমধ্যে বিনোদন দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চিরঞ্জীবী নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, যমজ সন্তানের আগমনে পরিবারে দ্বিগুণ আনন্দ এসেছে। তিনি লেখেন, এটি তাদের পরিবারের জন্য এক অনাবিল সুখের মুহূর্ত এবং সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বার্তাটিতে চিরঞ্জীবী ও তাঁর স্ত্রী সুরেখা দুজনের নামেই স্বাক্ষর ছিল, যা দাদা-দাদির পক্ষ থেকে একটি অত্যন্ত ব্যক্তিগত ও আবেগঘন ঘোষণা হিসেবে ধরা হচ্ছে।
চিরঞ্জীবীর পোস্টের পরপরই ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। সবাই নবজাতকদের জন্য আশীর্বাদ ও ভালোবাসা জানাচ্ছেন। ২০২৩ সালের জুনে এই দম্পতি তাদের প্রথম সন্তান—কন্যাসন্তান ক্লিন কারাকে স্বাগত জানান। সেই সময়ও পুরো চলচ্চিত্র অঙ্গন ও ভক্তরা ব্যাপকভাবে আনন্দ উদ্যাপন করেছিলেন।
ভোরের আকাশ/আ.র