রাষ্ট্রবিরোধী ভিডিও বানানোর অভিযোগে টিকটকার আলী জাইন গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সংবেদনশীল কনটেন্ট প্রচারের অভিযোগে পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সৈয়দ আলী জেইন বুখারীকে গ্রেপ্তার করেছে দেশটির ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। রাজধানী ইসলামাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উর্দু পয়েন্টের এক প্রতিবেদনে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালানোর সময় আলী জেইনের বিভিন্ন কনটেন্টের বিষয়ে তথ্য পায় এনসিসিআইএ। অভিযোগ রয়েছে, তিনি টিকটকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী কনটেন্ট, জাতীয় নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য এবং বিদ্বেষমূলক ভিডিও প্রচার করছিলেন।
অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এনসিসিআইএর ইসলামাবাদের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আলী জেইনকে গ্রেপ্তার করে।
জানা গেছে, আলী জেইন খাইবার পাখতুনখোয়ার নওশেরা জেলার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যাপক অনুসারী রয়েছে। তার প্রধান টিকটক অ্যাকাউন্টে প্রায় ৩৮ লাখ ফলোয়ার ও সাবস্ক্রাইবার রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে তার প্রকাশিত কনটেন্ট দ্রুত বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়।
গ্রেপ্তারের পর আলী জেইনকে এনসিসিআইএর ইসলামাবাদের কেন্দ্রীয় সাইবার ক্রাইম থানায় নেওয়া হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। এসব ডিভাইস ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।
এদিকে, তার বিরুদ্ধে প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পিইসিএ) এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনের ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাষ্ট্রবিরোধী ভিডিও তৈরির পেছনে আলী জেইনের উদ্দেশ্য, এসব কনটেন্টের সম্ভাব্য উৎস এবং অন্য কারও সম্পৃক্ততা ছিল কি না—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
ভোরের আকাশ/এনএস