বিপাশার কাছে ক্ষমা চাইলেন ম্রুণাল ঠাকুর

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আবারও খবরের শিরোনামে, তবে এবার সিনেমা নয় বরং একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে। সম্প্রতি তার পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে সহঅভিনেত্রী বিপাশা বসুর চেহারা নিয়ে করা মন্তব্যের কারণে তিনি সমালোচনার মুখে পড়েন।
এরপর গত ১৪ আগস্ট ম্রুণাল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, “আমার শব্দচয়ন আরও সচেতন হওয়া উচিত ছিল। ১৯ বছর বয়সে আমি অনেক নির্বোধ মন্তব্য করেছি। তখন বুঝতে পারিনি আমার কথার কতটা প্রভাব পড়তে পারে, এমনকি মজার ছলেও এটি কারও কষ্টের কারণ হতে পারে। আর তা ঘটেছে, এবং তার জন্য আমি গভীরভাবে দুঃখিত।”
ভিডিওতে ম্রুণাল এক অভিনেতাকে বলেছিলেন, “তুমি কি এমন মেয়েকে বিয়ে করতে চাও, যিনি মাসকুলার? তা হলে গিয়ে বিপাশাকে বিয়ে করো। শোনো, আমি বিপাশার চেয়ে অনেক ভালো, ঠিক আছে?”
ম্রুণাল আরও লিখেছেন, “আমার উদ্দেশ্য কখনো কাউকে শরীর নিয়ে অপমান করা ছিল না। এটি এক মজার আলাপচারিতা ছিল, যার মাত্রা ঠিক ছিল না। কিন্তু এখন বুঝেছি, এটা কেমন শোনাচ্ছিল। সময়ের সঙ্গে সঙ্গে আমি শিখেছি সৌন্দর্য অনেক রকম হতে পারে, এবং আমি সত্যিই এই ভাবনার মূল্য দিই।”
উল্লেখ্য, সম্প্রতি ম্রুণাল ধনুশের সঙ্গে প্রেমের গুঞ্জনকে কেন্দ্রেও খবরের শিরোনামে এসেছিলেন। এবার ভাইরাল হওয়া পুরনো ভিডিওর প্রেক্ষিতে তাকে প্রকাশ্যভাবে ক্ষমা চাইতে হলো।
ভোরের আকাশ//হ.র