আম্মুর শাড়িতে মায়ের মায়া, স্মৃতির ছোঁয়া—সাদিয়া আইমান

ছোটবেলার স্মৃতি, মায়ের স্নেহ আর ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে কিছু বিশেষ অনুভূতি। অনেক সময় একটি শাড়িও হয়ে উঠতে পারে সেই অনুভূতির বাহক। জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই এক আবেগঘন পোস্ট শেয়ার করে ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছেন।
নদীর বুকে নৌকায় বসে তোলা কয়েকটি নান্দনিক ছবির সঙ্গে তিনি লিখেছেন, “আমার যত শাড়িই থাকুক না কেনো, শান্তি লাগে শুধু আম্মুর শাড়ি পরলেই। মায়েদের শাড়িতে মায়া মায়া একটা গন্ধ থাকে, শাড়ির ভাজে যত্ন থাকে। মেয়েরা নিজেদের সেই মায়া ও যত্নে মুড়িয়ে রাখতে চায় আজীবন।”

সাদিয়ার এই কথাগুলো যেন প্রতিটি মেয়ের মনের না-বলা অনুভূতির প্রতিচ্ছবি। মায়ের শাড়ি শুধু একটি পোশাক নয়, বরং তা স্মৃতি, ভালোবাসা, নিরাপত্তা এবং আবেগের এক অনন্য প্রতীক। মায়ের ব্যবহৃত শাড়িতে লেগে থাকে তার স্নেহের ছোঁয়া, সংসারের গল্প আর সন্তানের প্রতি অগাধ মমতা।
প্রকাশিত ছবিগুলোতেও দেখা যায়, সবুজ শাড়িতে সাদিয়া আইমানের স্নিগ্ধ উপস্থিতি। ছবিগুলোর আবহ, নদীর শান্ত জলরাশি এবং অস্তগামী সূর্যের আলো তার আবেগঘন লেখার সঙ্গে যেন এক অপূর্ব সামঞ্জস্য তৈরি করেছে।
পোস্টটি প্রকাশের পর ভক্তরাও মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি ভাগাভাগি করেছেন। অনেকেই জানিয়েছেন, মায়ের শাড়ি পরার মধ্যে সত্যিই এক ধরনের মানসিক প্রশান্তি ও আবেগ কাজ করে, যা অন্য কোনো পোশাকে পাওয়া যায় না।
মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের এই সরল অথচ গভীর অনুভূতি নতুন করে মনে করিয়ে দেয়—জীবনের সবচেয়ে মূল্যবান আশ্রয়গুলোর একটি হলো ‘মা’, আর তার স্মৃতিবিজড়িত শাড়ি হয়ে উঠতে পারে সেই ভালোবাসারই এক নীরব প্রতীক।
ভোরের আকাশ/জেআ