‘বনলতা সেন’ হয়ে দর্শকের হৃদয় জয় করছেন নাবিলা

এবার রূপালি পর্দায় নতুনভাবে ধরা দিয়েছে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কালজয়ী ও রহস্যময় চরিত্র ‘বনলতা সেন’। আর এই বহুল আলোচিত চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা যুক্ত করেছেন নিজের ক্যারিয়ারে নতুন এক মাইলফলক।
অভিনয়ের দক্ষতা ও পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য বরাবরই প্রশংসিত নাবিলা ‘বনলতা সেন’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সিনেমাটি মুক্তির পর থেকেই বিভিন্ন মহল থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন নাবিলা। তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের প্রতিক্রিয়া আরও ইতিবাচক হচ্ছে, যা তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করছে।
নাবিলার ভাষ্য, “যতদিন যাচ্ছে, দর্শকদের প্রতিক্রিয়া আরও ভালো হচ্ছে। বিষয়টি সত্যিই আনন্দের। সিনেমার প্রতিটি বিভাগ নিয়ে দর্শকরা প্রশংসা করছেন। কেউ সেট ডিজাইনের কথা বলছেন, আবার কেউ আমার কস্টিউমের প্রশংসা করছেন।”
তিনি আরও বলেন, দর্শকদের সন্তুষ্টিই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি। সিনেমা দেখে মানুষের হাসিমুখে হল থেকে বের হয়ে আসা তাকে নতুন করে অনুপ্রাণিত করছে।
ভালো কাজের প্রতি নিজের আগ্রহের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বনলতা সেন’-এর সাফল্য ভবিষ্যতে তার জন্য নতুন নতুন কাজের সুযোগ তৈরি করবে এবং অভিনয়জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
নাবিলা বলেন, “ভালো কাজ করার তাড়না সবসময়ই আমার মধ্যে কাজ করে। আশা করছি, এই সিনেমার মাধ্যমে সামনে আরও ভালো কিছু কাজের সুযোগ তৈরি হবে।”
সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রে নাবিলার অভিনয় ইতোমধ্যেই দর্শকমহলে আলোচনার জন্ম দিয়েছে। ফলে ‘বনলতা সেন’ চরিত্রে তার এই উপস্থিতি বাংলা চলচ্চিত্রে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/জেআ