নতুন রূপে সামিরা খান মাহি, আসছেন আইটেম গানে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এবার হাজির হচ্ছেন ভিন্ন এক রূপে। দীর্ঘদিন নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পাওয়া এই শিল্পীকে দেখা যাবে দীপ্ত টিভির নতুন মেগা সিরিজ ‘খুশবু’-তে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা চরিত্রে। সেখানে একটি আইটেম গানের শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি।
তবে মাহির চরিত্র শুধু গ্ল্যামারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এতে ফুটে উঠবে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর সংগ্রাম আর সিনেমার আড়ালের অজানা কাহিনি।
পরিচালক সাজ্জাদ সুমন জানিয়েছেন, সিরিজটিতে গার্মেন্টসকর্মীদের জীবনের পাশাপাশি সিনেমা জগতের অন্তরালের কথাও তুলে ধরা হবে।
‘খুশবু’-তে মাহির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ অনেকে। নাম ভূমিকায় রয়েছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ। এছাড়া থাকছেন সাকিব হোসাইন, সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।
সিরিজটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক। সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। প্রযোজনা করেছে কাজী মিডিয়া।
১৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে দীপ্ত টিভি এবং তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে বহুল প্রতীক্ষিত এ মেগা সিরিজ।
সামাজিক মাধ্যমে ‘খুশবু’-এর কিছু ঝলক শেয়ার করে মাহি লিখেছেন— “খুশবু আসছে, অপেক্ষায় থাকুন।”
ভোরের আকাশ//হ.র