থেমে নেই ‘বেলা চাও’: ফিরছে বিশ্বকাঁপানো স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’

আবারও পর্দায় ফিরছে আন্তর্জাতিক অঙ্গনে বহুল আলোচিত স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ (লা কাসা দে পাপেল)। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দ্য ওয়ার্ল্ড অব মানি হাইস্ট কন্টিনিউস’ শিরোনামে একটি টিজার প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। যা ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। এক সময় স্পেনে বাতিলের মুখে পড়া ‘মানি হাইস্ট’ নেটফ্লিক্সে যুক্ত হওয়ার পর বিশ্বজুড়ে পপ-কালচার আইকনে পরিণত হয়। এরপর মুক্তি পেয়েছে স্পিন-অফ ‘বার্লিন’, দুটি তথ্যচিত্র এবং ভিডিও গেম।
তবে নতুন প্রজেক্টটি মূল সিরিজের ষষ্ঠ সিজন, নাকি আরেকটি স্পিন-অফ—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সিরিজের দ্বিতীয় সিজনের প্রিমিয়ার অনুষ্ঠানে এই প্রত্যাবর্তনের খবর জানান সিরিজে ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করা অভিনেতা আলভারো মোর্তে ‘বার্লিন’।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে নেটফ্লিক্স লিখেছে, ‘বেলা চাও এখনও বাজছে। মানি হাইস্ট-এর দুনিয়া চলতেই থাকবে।’
এদিকে, আগামী ১৫ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’ সিজন ২, যা এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় স্পিন-অফ সিরিজ।
সিরিজের স্রষ্টা অ্যালেক্স পিনা এবং ভ্যানকুভার প্রোডাকশন বর্তমানে চার পর্বের একটি মিনি-সিরিজ নির্মাণ করছেন। এতে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা যেতে পারে কর্নেল তামায়োকে, যিনি মূল সিরিজে অভিনয় করেছিলেন ফার্নান্দো কায়ো।
এ খবর স্প্যানিশ সংবাদপত্র এল পাইস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে নেটফ্লিক্সের সাম্প্রতিক রহস্যময় ঘোষণাটি কর্নেল তামায়োর গল্প নিয়ে, নাকি প্রফেসরের দলের নতুন কোনো অভিযানের ইঙ্গিত—তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা।
মানি হাইস্টের লাল জাম্পসুট ও ডালি মাস্ক আবারও পর্দায় দেখার অপেক্ষায় এখন বিশ্বের কোটি কোটি দর্শক।
এর আগে, ২০১৯ সালে নেটফ্লিক্সে আসার পর থেকে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায় ‘মানি হাইস্ট’। স্প্যানিশ এই থ্রিলার ড্রামাটি ২০২২ সালে এর পঞ্চম সিজন শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে এর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ছিল।
ভোরের আকাশ/মেদ্র