প্রেম ও মহাকাশযাত্রার গল্পে রাজ, আসছে ‘লিম্বো’

মহাকাশের রহস্য, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে বড় পর্দায় আসছে বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার চলচ্চিত্র ‘লিম্বো’। সিনেমাটি নির্মাণ করছেন ‘ন ডরাই’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। এবার ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ। অভিনেতার জন্মদিনেই নতুন এই সিনেমায় যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আনলেন নির্মাতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশ করে তানিম রহমান অংশু লেখেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে।’
একই পোস্ট ও ক্যাপশনের মাধ্যমে সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার খবর জানিয়েছেন শরিফুল রাজও। ফলে জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা পেয়ে ভক্তদের কাছেও বাড়তি আনন্দের উপলক্ষ তৈরি হয়েছে।
মহাকাশের প্রেক্ষাপটে নির্মিত হতে যাওয়া ‘লিম্বো’র গল্প, ভিজ্যুয়াল এফেক্টস ও নির্মাণ পরিকল্পনা নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মানের নির্মাণের লক্ষ্যে তিনটি ভিন্ন দেশে সিনেমাটির শুটিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতার। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও ছবিটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
শরিফুল রাজকে প্রধান চরিত্রে নেওয়ার কারণ ব্যাখ্যা করে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘ন ডরাই’ সিনেমায় কাজের সময় থেকেই রাজের অভিনয় দক্ষতা তাঁর নজরে ছিল। তাঁর মতে, রাজ একজন স্বাভাবিক অভিনয়শিল্পী। গত পাঁচ-ছয় বছরে অভিনয়ের পাশাপাশি ব্যক্তি হিসেবেও তাঁর পরিণতিবোধ বেড়েছে, যার প্রতিফলন অভিনয়েও পাওয়া যায়।
অংশু আরও জানান, ‘ন ডরাই’-এর পর থেকেই রাজের সঙ্গে দ্রুত আরেকটি কাজ করার ইচ্ছা ছিল। এ নিয়ে কয়েকবার কথাও হয়েছিল। ‘লিম্বো’র গল্প ও নির্দিষ্ট চরিত্রটির জন্য রাজের অভিনয় দক্ষতা বিবেচনায় তাঁকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।
অন্যদিকে, দীর্ঘ বিরতির পর আবারও তানিম রহমান অংশুর পরিচালনায় কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শরিফুল রাজ। অভিনেতা বলেন, অংশুর সঙ্গে তাঁর দ্বিতীয় সিনেমা ছিল ‘ন ডরাই’। প্রায় চার-পাঁচ বছর পর আবারও একসঙ্গে কাজের সুযোগ তৈরি হয়েছে। অংশুকে সৃজনশীল নির্মাতা উল্লেখ করে তিনি বলেন, আগের কাজের অভিজ্ঞতাও ছিল দারুণ। নতুন সিনেমার ভাবনার অংশ হতে পেরে তিনি আনন্দিত।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভারতের ‘লাপাতা লেডিস’খ্যাত গল্পকার ও চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। তাঁর সম্পৃক্ততা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ। অভিনেতার ভাষ্য, অংশুর নির্মাণভাবনা ও বিপ্লব গোস্বামীর চিত্রনাট্য—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে তিনি বেশ আশাবাদী। ছবিটির সঙ্গে মানসিক ও শারীরিকভাবে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। শুটিং শেষ হলে এ নিয়ে বিস্তারিত কথা বলতে চান।
এদিকে পোস্টারের পাশাপাশি সিনেমাটির একটি টিজারও প্রকাশ করেছেন নির্মাতা। সেখানে লাল আঁচল ওড়ানো এক রহস্যময় নারীকে দেখা যায়। পেছনে পৃথিবী ছেড়ে মহাকাশের পথে পাড়ি জমাচ্ছে একটি মহাকাশযান। টিজারের ক্যাপশনে অংশু লিখেছেন, ‘সীমাহীন এই যাত্রায় কে ছেড়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষটাকে?’
টিজারের দৃশ্যায়ন ও ক্যাপশন থেকে ‘লিম্বো’র গল্পে প্রেম, বিচ্ছেদ ও মহাকাশযাত্রার রহস্যময় সংযোগের ইঙ্গিত পাওয়া যায়।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ‘লিম্বো’র মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ফিরছেন তানিম রহমান অংশু। এর আগে ‘ন ডরাই’ সিনেমা নির্মাণ করে প্রশংসিত হয়েছিলেন তিনি। নতুন সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলী উপহার দেওয়ার প্রত্যাশা করছেন এই নির্মাতা।
ভোরের আকাশ/জেআ