মিস ইউনিভার্সের মুকুট জিতে কী কী পাবেন জেনিফার?

মিস ইউনিভার্সের মুকুট জয়ের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে নিজের নাম তুলে ধরেছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। ৭৫তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে শিরোপা জয়ের পর এবার আলোচনায় এসেছে বিজয়ী হিসেবে তাঁর জন্য বরাদ্দ অর্থ, আবাসন, ভ্রমণ ও অন্যান্য সুযোগ-সুবিধা।
পুয়ের্তো রিকোর সান হুয়ানে হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টার দিকে শুরু হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। শুরুতেই ঘোষণা করা হয় সেরা ৩০ প্রতিযোগীর নাম। এরপর সুইমস্যুট পর্বের মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা ১২ জনকে। ইভনিং গাউন পর্ব শেষে সেখান থেকে নির্বাচিত হন সেরা পাঁচজন।
সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ, ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ ও পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।

চূড়ান্ত পর্বে পাঁচ প্রতিযোগী বিচারকদের দুটি করে প্রশ্নের মুখোমুখি হন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় বরাদ্দ ছিল ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্নটি প্রত্যেকের জন্য আলাদা হলেও দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য একই। প্রশ্নোত্তর পর্ব ও সার্বিক মূল্যায়ন শেষে মিস ইউনিভার্স ২০২৬ হিসেবে ঘোষণা করা হয় জেনিফার বারেত্তোর নাম।
৭৫তম আসরের বিজয়ীর জন্য তৈরি করা হয়েছে বিশেষ একটি মুকুট। ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের এই মুকুট তৈরি হয়েছে ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে। এতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। বিজয়ীর মাথায় মুকুটটি পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স, মেক্সিকোর ফাতিমা বশ।
বাংলাদেশ থেকে এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি।
বিজয়ীর জন্য বরাদ্দ অর্থ
সংবাদমাধ্যম হোলা জানিয়েছে, মিস ইউনিভার্সের বিজয়ী হিসেবে বারেত্তো প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত বছরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশও একই পরিমাণ অর্থ পেয়েছিলেন বলে এই হিসাব করা হয়েছে।
এ ছাড়া শিরোপাধারী হিসেবে দায়িত্ব পালনের এক বছর প্রতি মাসে আনুমানিক ৫০ হাজার ডলার করে পাওয়ার কথাও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু প্রতিবেদনে এটিকে মাসিক বেতন হিসেবে বর্ণনা করা হয়েছে।
তবে গালফ নিউজ জানিয়েছে, আয়োজক সংস্থা বিষয়টিকে কিছুটা ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তাদের ভাষায়, বিশ্বব্যাপী দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য বিজয়ীকে ‘প্রাথমিক তহবিল ও মাসিক আয়’ দেওয়া হয়।
হোলার তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক কার্যক্রম, বিভিন্ন প্রকল্প এবং সংস্থার আন্তর্জাতিক দূত হিসেবে দায়িত্ব পালনের খরচ মেটাতেই এই অর্থ দেওয়া হয়। তবে নগদ অর্থের পরিমাণ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। আয়োজক সংস্থাও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।
থাকছে আবাসন ও ভ্রমণ সুবিধা
অর্থের বাইরেও বিজয়ীর জন্য রয়েছে নানা সুযোগ-সুবিধা। মূলত এক বছরের জন্য পূর্ণকালীন আন্তর্জাতিক দূত হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হয় তাঁকে।
হোলার প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় বিজয়ীকে নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্টে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই শহরই আয়োজক সংস্থার প্রধান কার্যালয়ের কেন্দ্র হিসেবে পরিচিত। এ ছাড়া বিমানভাড়া, হোটেল ও ভ্রমণ-সংক্রান্ত যাবতীয় খরচও বহন করা হয়।
পাশাপাশি স্টাইলিস্ট, ব্যক্তিত্ব ও ভাবমূর্তি উন্নয়নবিষয়ক পরামর্শক এবং মেকআপ আর্টিস্টদের সেবা পাওয়ার সুযোগ থাকে। সাধারণত সংস্থাটি পুষ্টিবিষয়ক পরামর্শ ও মানসিক স্বাস্থ্য সহায়তাও দিয়ে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গালফ নিউজও গত বছরের বিজয়ীর জন্য একই ধরনের সুযোগ-সুবিধার কথা জানিয়েছে। এর মধ্যে ছিল সম্পূর্ণ ভ্রমণ ব্যবস্থাপনা, ব্যক্তিগত স্টাইলিস্ট, চুল ও মেকআপ বিশেষজ্ঞ এবং সৌন্দর্য ও স্বাস্থ্যসেবা।
নতুন মুকুটের নকশা ও বিশেষত্ব
২০২৬ সালের বিজয়ী হিসেবে বারেত্তো প্রথমবারের মতো পরেছেন ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের বিশেষ মুকুটটি। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এটি তৈরি করা হয়েছে।
ডেইলি ট্রিবিউনের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর সান হুয়ানের প্লাজা লাস আমেরিকাসে আয়োজিত ‘দ্য মিস ইউনিভার্স এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানে মুকুটটি উন্মোচন করা হয়।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের গয়না নির্মাতা প্রতিষ্ঠান মেজোঁ দ'ওরের সহযোগিতায় গয়না নকশাকার জর্জ উইটেলস মুকুটটি তৈরি করেছেন। ১৮ ক্যারেট সাদা সোনার ওপর বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি উজ্জ্বলভাবে কাট করা হীরা। এর কেন্দ্রে রয়েছে তিনটি বড় হীরা।
প্রতিবেদন অনুযায়ী, মুকুটের দুই পাশের হীরা অতীতের পথপ্রদর্শক এবং বর্তমানে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন—এমন নারীদের সম্মান জানায়। আর মাঝখানের হীরাটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধিত্ব করে। তবে মুকুটটির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি।
গালফ নিউজ জানিয়েছে, গত বছর ফাতিমা বশ যে ‘লুমিয়ের দ্য লাঁফিনি’ নামের ৫০ লাখ ডলারের মুকুট পরেছিলেন, নতুন মুকুটটিও একই নিয়মে ব্যবহার করা হবে। এটি শুধু আনুষ্ঠানিক অনুষ্ঠানে পরা হবে এবং পরবর্তী বিজয়ীর কাছে হস্তান্তর করা হবে।
এক বছর যেসব দায়িত্ব পালন করবেন বারেত্তো
মিস ইউনিভার্সের শিরোপার মেয়াদ এক বছর। এই সময় বারেত্তো সংস্থার আন্তর্জাতিক দূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
গালফ নিউজ ও হোলার তথ্য অনুযায়ী, এ সময় তাঁকে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে হবে, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিতে হবে, দাতব্য কার্যক্রম পরিচালনা করতে হবে এবং বিশ্বের বিভিন্ন স্থানে জনসমক্ষে উপস্থিত হতে হবে।
এক বছর দায়িত্ব পালনের পর তিনি আবার মিস ইউনিভার্সের মঞ্চে ফিরবেন এবং নিজের উত্তরসূরির মাথায় মুকুট পরিয়ে দেবেন। গত বছরের বিজয়ী ফাতিমা বশও একই দায়িত্ব পালনের জন্য পুয়ের্তো রিকোতে এসেছিলেন।
ভোরের আকাশ/জেআ