গণহত্যা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার, ফেসবুকে প্রতিক্রিয়া দিয়েছেন প্রত্যয় হিরণ

বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে। রোববার (২৪ আগস্ট) রাতে সিআইডির একটি দল তাকে গ্রেপ্তার করে।
আফ্রিদির গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ডিবি আমাকে হুদাই ৩২টা দিন ভিতরে রাখে নাই। আজকে বাপ পোলা একসাথে ভিতরে।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, “আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়।”
তৌহিদ আফ্রিদি ছিলেন রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার ১১ নম্বর আসামি। এই মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় ও তৃতীয় নম্বর আসামি হিসেবে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক পুলিশ প্রধান (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, মামলার ২২ নম্বর আসামি, আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গত ১৭ আগস্ট গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের হাতে।
প্রসঙ্গত, দুই বছর আগে ভিডিও ও নাটকে জুয়া প্রচারের অভিযোগে প্রত্যয় হিরণ ও তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করেছিল ডিবি।
ভোরের আকাশ//হ.র