জনপ্রিয়তায় শাকিব খান এগিয়ে

দীর্ঘদিন ধরে ঢালিউডে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে চলেছেন ‘কিং খান’ খ্যাত চিত্রনায়ক শাকিব খান। আড়াই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে জনপ্রিয়তার দিক থেকে এখনও তিনি সবার শীর্ষে অবস্থান করছেন। বিভিন্ন সময় তার প্রতিদ্বন্দ্বী হিসেবে একাধিক নায়কের নাম উঠে এলেও কেউই দীর্ঘমেয়াদে সেই অবস্থান ধরে রাখতে পারেননি।
সম্প্রতি এই তালিকায় আলোচনায় এসেছে অভিনেতা আফরান নিশোর নাম। জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খান ও আফরান নিশোর জনপ্রিয়তা নিয়ে একটি জরিপ চালান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি প্রশ্ন তোলেন—অভিনেতা হিসেবে কাকে এগিয়ে রাখবেন দর্শক?
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জরিপে দেখা যায়, শাকিব খান পেয়েছেন ৭১ শতাংশ ভোট, যেখানে আফরান নিশোর প্রাপ্তি ২৯ শতাংশ। ফলে জনপ্রিয়তার বিচারে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন শাকিব।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। বর্তমানে তিনি ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত, যেখানে তাকে রকস্টারের চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। আসন্ন কোরবানি ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, আফরান নিশোকে সর্বশেষ দেখা গেছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায়। এতে তার সহশিল্পী ছিলেন পূজা চেরি এবং ছবিটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি।
ভোরের আকাশ/সু.পা