নিজেকে সেলিব্রিটি বলতে নারাজ স্বস্তিকা মুখার্জি

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তার খোলামেলা জীবনযাপন ও স্পষ্ট মতামতের জন্য বরাবরই আলোচনায় থাকেন। সাধারণ তারকাদের মতো বিলাসবহুল জীবন নয়, বরং খুবই সাধারণভাবে চলাফেরা করেন তিনি। কখনও অটোতে, কখনও বাসে যাতায়াত করতে দেখা যায় তাকে। এমনকি গড়িয়াহাটে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতেও দেখা গেছে এই অভিনেত্রীকে।
সম্প্রতি নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা ‘সেলিব্রিটি’ শব্দটি নিয়ে নিজের আপত্তির কথা জানান।
তিনি বলেন, “আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। সেলিব্রিটি শব্দটার এত অপব্যবহার হয় যে আমাকে কেউ সেলিব্রিটি বললে মনে হয় কেউ আমাকে গালাগালি দিচ্ছে। আমি চাই আমাকে মানুষ, শিল্পী, অভিনেত্রী বা মহিলা—যেকোনো কিছু বলা হোক, কিন্তু সেলিব্রিটি বলা না হোক।”
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা বা ভাইরাল কনটেন্টের ভিত্তিতে তারকা নির্ধারণের প্রবণতা নিয়েও মন্তব্য করেন তিনি।
স্বস্তিকার ভাষায়, “এখন সবাই সেলিব্রিটি। কারও বেশি ফলোয়ার থাকলেই সে সেলিব্রিটি হয়ে যাচ্ছে। সবাই এখন ইনফ্লুয়েন্সার, কিন্তু তারা আসলে কী ইনফ্লুয়েন্স করছে সেটা বোঝা কঠিন। কয়েকটা রিল করলেই আজকাল সবাই তারকা হয়ে যাচ্ছে।”
নিজের সাধারণ জীবনযাপন নিয়েও আত্মবিশ্বাসী অবস্থান জানান স্বস্তিকা। তিনি বলেন, তিনি সাধারণ মানুষ হিসেবেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তার কথায়, “আমি খুব সাধারণ মানুষ। সাধারণভাবেই থাকতে পছন্দ করি। তাই আমাকে কেউ সেলিব্রিটি বললে আমার ভালো লাগে না, আমি অনেক সময় সেটা বলতেও নিষেধ করি।”
ভোরের আকাশ/সু.পা