ওই চরিত্রে অভিনয় আমাকে বদলে দিয়েছে : রুনা খান

ছোট পর্দা থেকে বড় পর্দা— দুই মাধ্যমেই অভিনয়শিল্পী রুনা খান নিজের দক্ষতায় দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এবার তাকে দেখা যাবে নতুন একটি চলচ্চিত্রে বিশেষ ভূমিকায়।
আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মিত হচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই ছবিতে নায়িকাদের জীবনের ভিন্নতর গল্প তুলে ধরা হবে। এ প্রসঙ্গে রুনা খান বলেন, “অভিনেতাদের শুধু পর্দায় দেখা যায়, কিন্তু আমাদেরও পর্দার বাইরে আলাদা জীবন আছে, যেখানে সুখ-দুঃখ মিশে থাকে।”
এখন পর্যন্ত পাঁচটি ছবিতে কাজ করেছেন তিনি। সর্বশেষ কাজ করা ছবিতেই নায়িকাদের আড়ালের সংগ্রামের কাহিনি ফুটে উঠবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী শুধু অভিনয় নয়, বরং মিডিয়াতে নারীদের উপস্থাপন নিয়েও নিজের মতামত প্রকাশ করেন।
রুনা খান বলেন, “নারীকে যেন কেবল মানুষ হিসেবেই দেখা হয়। নাটক, সিনেমা বা সংবাদ— যেখানেই হোক, নারীরা যেন তাদের স্বাভাবিক অধিকার পায়, এমনভাবে উপস্থাপন করা জরুরি।”
সাক্ষাৎকারে তিনি জানান, একটি চরিত্র তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। সেটি হলো ‘নীলপদ্ম’ সিনেমার ‘নীলা’ চরিত্র।
তার ভাষায়, “নীলা ছিল একজন যৌনকর্মী। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে বুঝেছি, এই পেশায় জড়িত মানুষের জীবনে কত যন্ত্রণা আর অপমান লুকিয়ে থাকে। সেই অভিজ্ঞতা আমাকে ভেতর থেকে পরিবর্তন করেছে।”
তিনি আরও বলেন, “আমরা কি একটু বেশি মানবিক হতে পারি না? যৌনকর্মীদের প্রতিও যদি সহানুভূতি দেখানো যেত! আসলে এই চরিত্রই আমাকে মননশীল করেছে।”
ভোরের আকাশ/হ.র