হলিউড অভিনেত্রী পিপা স্কট আর নেই

হলিউডের খ্যাতিমান অভিনেত্রী পিপা স্কট আর নেই। গত ২২ মে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
অভিনেত্রীর মেয়ে মিরান্ডা টোলম্যান ‘দ্য হলিউড রিপোর্টার’-কে এ খবর নিশ্চিত করেছেন।
যদিও তার মৃত্যু ঘটে দুই সপ্তাহ আগে, তা প্রকাশ্যে আসে ৮ জুন। মেয়ে মিরান্ডা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পিপা স্কট। তবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল কিনা, কিংবা চিকিৎসাধীন ছিলেন কি না—সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
পিপা স্কট ছিলেন এক প্রশংসিত ও মেধাবী অভিনেত্রী, যিনি তার সংবেদনশীল অভিনয়শৈলী ও অসাধারণ উপস্থিতির মাধ্যমে টেলিভিশন ও চলচ্চিত্র জগতে স্মরণীয় হয়ে আছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ও নাটক: দ্য টোয়াইলাইট জোন, আউটলজ, ডক্টর কিল্ডার, দ্য ডিক ভ্যান ডাইক শো, পেরি ম্যাসন, দ্য মেরি টাইলার মুর শো, গানস্মোক, মিশন: ইম্পসিবল, দ্য ওয়ালটনস, কলম্বো, দ্য স্ট্রিটস অব সান ফ্রান্সিসকো এবং জিগস জন।
হলিউডের এই গুণী শিল্পীর মৃত্যুতে শোকাহত ভক্ত ও সহকর্মীরা তার অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন।
ভোরের আকাশ।।হ.র