মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে সরগরম টালিপাড়া

আবারও ব্যক্তিগত জীবন নিয়ে টালিপাড়ায় আলোচনায় অভিনেত্রী মিমি চক্রবর্তী। গুঞ্জন ছড়িয়েছে, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। আর সম্ভাব্য বিয়ের ভেন্যু হিসেবে উঠে আসছে উত্তরবঙ্গের পাহাড়ি শহর কালিম্পঙের নাম।
ভারতীয় সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিমির সম্ভাব্য জীবনসঙ্গী বিনোদনজগতের কেউ নন। তিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত এবং তাঁর নাম সিদ্ধার্থ। এমনও শোনা যাচ্ছে, ডিসেম্বরের মূল অনুষ্ঠানের আগে নভেম্বরে তাঁদের আংটিবদল বা আইনি বিয়ের পর্ব হতে পারে। তবে এসব তথ্যের কোনোটি এখনো মিমি কিংবা সিদ্ধার্থ প্রকাশ্যে নিশ্চিত করেননি।
বিয়ের গুঞ্জনের মধ্যেই দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছিলেন মিমি। নবমীর রাতে পূজামণ্ডপে ধুনুচি নাচে অংশ নিতে দেখা যায় তাঁকে। গাঢ় গোলাপি বেনারসি শাড়ি ও নীল ব্লাউজে সাবেকি সাজে অভিনেত্রীর সেই উপস্থিতি নজর কাড়ে অনুরাগীদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বন্ধুদের সঙ্গে নাচতেও দেখা যায় মিমিকে। তাঁর সেই আনন্দের দলে ছিলেন অভিনেতা সোহম মজুমদার ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। পূজার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। এবারের পূজার আনন্দকে ঘিরে অনুরাগীদের একাংশের ধারণা, অবিবাহিত হিসেবে এটিই হয়তো মিমির শেষ দুর্গাপূজা।
এদিকে পূজার সময় মুক্তি পেয়েছে মিমি অভিনীত সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি বিয়ের প্রস্তুতিও নাকি এগিয়ে চলছে, এমন দাবি করা হয়েছে কয়েকটি প্রতিবেদনে। ঘনিষ্ঠজনদের মধ্যে নিমন্ত্রণের প্রস্তুতি শুরু হয়েছে বলেও শোনা যাচ্ছে।
তবে পুরো বিষয়টিই এখনো গুঞ্জনের পর্যায়ে রয়েছে। মিমি চক্রবর্তী বা তাঁর টিমের পক্ষ থেকে ডিসেম্বরের বিয়ে, সম্ভাব্য পাত্র কিংবা কালিম্পঙে অনুষ্ঠান আয়োজন, কোনোটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এখন অনুরাগীদের অপেক্ষা, কবে এই জল্পনায় নিজেই মুখ খুলবেন অভিনেত্রী।
ভোরের আকাশ/জেআ