২৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘মাইকেল’

বিশ্বসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক বায়োপিক ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারে।
সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার পরিবারেরই সদস্য জাফর জ্যাকসন। বিশেষ করে ‘বিট ইট’ গানের আইকনিক লুকে জাফরকে দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। মেকআপ ও গেটআপের মাধ্যমে তাকে প্রায় হুবহু মাইকেলের মতো দেখানো হয়েছে, যা ইতোমধ্যেই ট্রেলার ও টিজারে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৬ বছরেরও বেশি সময় পরও তাকে ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ কমেনি। তার সংগীত ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং নানা বিতর্কিত অধ্যায় সিনেমাটিতে কীভাবে তুলে ধরা হয়েছে, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।
ভক্তদের প্রত্যাশা, এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের জীবনের একটি পূর্ণাঙ্গ ও বাস্তবচিত্র পাওয়া যাবে। এর আগে ব্যান্ড ‘কুইন’-এর ভোকাল ফ্রেডি মার্কারিকে নিয়ে নির্মিত ‘বোহেমিয়ান র্যাপসোডি’ বিশ্বজুড়ে সফলতা অর্জন করেছিল। সেই সিনেমার প্রযোজক গ্রাহাম কিং এবার ‘মাইকেল’ নির্মাণ করেছেন। বিশ্লেষকদের ধারণা, জনপ্রিয়তার দিক থেকে এই সিনেমা পূর্বের সব বায়োপিককে ছাড়িয়ে যেতে পারে। এখন সবার নজর ২৪ এপ্রিলের দিকে, যখন বড় পর্দায় আবারও জীবন্ত হয়ে উঠবে মাইকেল জ্যাকসনের সুর ও নৃত্যের জাদু।
ভোরের আকাশ/সু.পা