নিজেদের জীবনের গল্পে মডেল তারকা দম্পতির

দেশের আলোচিত তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা আবারও একসঙ্গে হাজির হচ্ছেন নতুন একটি বিজ্ঞাপনচিত্রে, যা নির্মাণ করেছেন হিরু খান। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থানে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে।
জানা গেছে, এতে অনন্ত-বর্ষার পর্দার জুটি এবং বাস্তব জীবনের সম্পর্ক—দুটিকেই একসঙ্গে তুলে ধরা হয়েছে। ফলে দর্শকরা তাদের রিল ও রিয়েল লাইফের মিশ্র এক উপস্থাপনা দেখতে পাবেন।
কাজটি নিয়ে অনন্ত জলিল জানান, অনেকদিন পর একটি ভালো প্রজেক্টে কাজ করেছেন এবং পুরো টিমের আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো। তিনি আশা করছেন, প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।
অন্যদিকে বর্ষাও কাজটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পুরো টিম অত্যন্ত যত্ন নিয়ে কাজ করেছে। কস্টিউম, লাইট, ক্যামেরা থেকে শুরু করে মেকআপ—সবকিছুতেই ছিল পেশাদারিত্ব। তিনি আরও জানান, এই বিজ্ঞাপনচিত্রে তাদের জীবনের গল্পই ফুটে উঠেছে।
নির্মাতা হিরু খান বলেন, ক্লায়েন্ট সেবা হোল্ডিংস লিমিটেড-এর পরামর্শেই এমন একটি জুটিকে নেওয়া হয়েছে, যারা ব্যক্তিগত জীবন ও শোবিজ—দুই ক্ষেত্রেই সফল। তিনি এই জুটিকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন বলেও জানান।
গোলাম রাব্বানী-এর চিত্রনাট্যে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে আরও অভিনয় করেছেন দ্বীন ইসলাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব, পারভেজ আনোয়ার, শুভ ও ফয়সাল।
ভোরের আকাশ/সু.পা