‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে জেবার অভিযোগ

হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবিটি নিয়ে মুক্তির আগেই একের পর এক অভিযোগ আলোচনার কেন্দ্রে উঠে আসছে। সিনেমাটিকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত এবার নতুন করে ছবিটি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।
সম্প্রতি প্রকাশিত সিনেমার পোস্টারে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে জেবা জান্নাতকেও দেখা যায়। কিন্তু জেবা জানিয়েছেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা বা নাটকে তিনি অভিনয়ই করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে জেবা বলেন, এই প্রজেক্ট সম্পর্কে তিনি কিছুই জানেন না।
পোস্টারে ছবি ব্যবহার করা নিয়ে জেবা ক্ষোভ প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে তার কোনো কাজ নেই। তবে অতীতে একটি ধারাবাহিকে কাজ করেছিলেন, যার কিছু ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
তিনি বলেন, নাটকের ফুটেজ কীভাবে সিনেমায় ব্যবহার করা হয় এবং তা কীভাবে সেন্সর পায় এ বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। এছাড়া, কোনো ধরনের অনুমতি ছাড়াই পোস্টারে তার ছবি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী। তিনি আরও বলেন, এ কাজের জন্য তাকে কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি।
অন্যদিকে, নির্মাতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেনিনি। তবে জেবা জান্নাত আদৌ সিনেমাটিতে অভিনয় করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।
চিত্রনায়িকা মৌসুমীও এর আগে এই একই সিনেমা নিয়ে অভিযোগ করেছিলেন। এটি সিনেমা নয় বরং নাটক হিসেবে নির্মিত হয়েছিল, যা পরে সিনেমা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সব মিলিয়ে মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। সিনেমাটি আগামী ১৫ মে মুক্তি পাওয়ার কথা।
ভোরের আকাশ/সু.পা