কংগ্রেসে যোগ দেওয়ায় ধর্ষণের হুমকি, রূপাঞ্জনার অভিযোগ

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই প্রাক্তন দলের পক্ষ থেকে নানা কটূক্তির শিকার হচ্ছেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা । শুরুতে এসব উপেক্ষা করলেও এবার সরাসরি ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হয়েছে, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের জন্য চলছে জোর প্রচার। এরই মধ্যে ধর্ষণের হুমকির অভিযোগ তুলে আলোচনায় এসেছেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে রূপাঞ্জনা বলেন, শুধু সমালোচনা নয়, তাকে সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি গভীরভাবে ক্ষুব্ধ এবং বিষয়টিকে আর হালকাভাবে নিচ্ছেন না। তিনি জানিয়েছেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন।
রূপাঞ্জনা প্রশ্ন তোলেন, “দীর্ঘ ২৫ বছর পরিশ্রম করে আমি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছি। একজন সফল নারী হিসেবে পরিচিতি পেয়েছি। সবকিছুর ঊর্ধ্বে আমি একজন নারী। একজন নারীর প্রতি এমন নিম্নরুচির মন্তব্য কীভাবে করা সম্ভব?”
বিজেপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। নারী সুরক্ষার কথা বলা হলেও বাস্তবে একজন নারীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে—এটা গ্রহণযোগ্য নয়।” সূত্র: সংবাদ প্রতিদিন
কঙ্গনা ও মন্দাকিনীর প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, “এটা গুণ্ডা সংস্কৃতিরই বহিঃপ্রকাশ।” পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, যারা তাকে হুমকি দিয়েছেন, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন।
ভোরের আকাশ/সু.পা