দিল্লির শিক্ষার্থী আন্দোলনে মুখ খুললেন বলিউড তারকারা

দিল্লিতে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দীর্ঘদিন নীরব থাকার পর একে একে মুখ খুলতে শুরু করেছেন বলিউডের তারকারা। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সামাজিক মাধ্যমে বক্তব্য দিয়েছেন আলিয়া ভাট, নেহা কক্কর, আরমান মালিক, জনি লিভারসহ বেশ কয়েকজন শিল্পী।
শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আলিয়া ভাট বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো তাকে ব্যথিত করেছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও দৃঢ় অবস্থান তাকে আশাবাদী করেছে। তিনি বলেন, শিক্ষার্থীরা শুধু নিজেদের জন্য নয়, পুরো একটি প্রজন্মের ভবিষ্যতের প্রতিনিধিত্ব করছে। তাদের কণ্ঠস্বর গুরুত্বের সঙ্গে শোনা উচিত।
জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক নিজের জন্মদিনে নতুন গান ‘গয়া কাম সে’ প্রকাশের পরিকল্পনা স্থগিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে নতুন গান প্রকাশকে উপযুক্ত মনে হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে গানটি প্রকাশ করা হবে।
আরমান আরও বলেন, শিক্ষার্থীরা ন্যায়বিচারের দাবিদার। শান্তিপূর্ণ প্রতিবাদ সম্মান পাওয়ার যোগ্য এবং সংলাপের জবাব উদাসীনতা দিয়ে দেওয়া উচিত নয়।
বলিউডের কৌতুক অভিনেতা জনি লিভারও শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, আন্দোলনকারীদের সঙ্গে মানবিক আচরণ করা প্রয়োজন। তিনি সরকারের প্রতি দ্রুত শিক্ষার্থীদের অভিযোগ ও দাবিগুলো গুরুত্ব দিয়ে সমাধানের আহ্বান জানান।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসিরউদ্দিন শাহও ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন।
অন্যদিকে, গায়িকা নেহা কক্কর সামাজিক মাধ্যমে ‘Justice for Students’ শিরোনামে একটি পোস্ট দিয়ে লেখেন, কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থীর পাশে তিনি রয়েছেন। তিনি শিক্ষার্থীদের শক্ত থাকার আহ্বান জানান এবং তাদের স্বপ্নের গুরুত্বের কথা তুলে ধরেন।
নেহার এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার অবস্থানকে স্বাগত জানালেও কেউ কেউ কেবল সামাজিক মাধ্যমে নয়, সরাসরি আন্দোলনের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন।
এদিকে, দিল্লির যন্তর-মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনার পর আন্দোলন আরও তীব্র হয়েছে। রাজধানীর গণ্ডি পেরিয়ে ভারতের বিভিন্ন রাজ্যেও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।
শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচি পালন করছে।
এর আগে সালমান খান, অরিজিৎ সিং, ওমি বৈদ্য, জিনাত আমান, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখসহ আরও কয়েকজন তারকাও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন।
ভোরের আকাশ/জেআ