৪ বছর পর নতুন অ্যালবাম আর ওয়ার্ল্ড ট্যুর নিয়ে ফিরছে ‘বিটিএস’

দীর্ঘ বিরতির পর মঞ্চ মাতাতে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। নতুন অ্যালবাম ও বিশ্বভ্রমণের বিস্তারিত সূচি ঘোষণা করে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়ে গেছে।
বাধ্যতামূলক সামরিক সেবা সম্পন্ন করার কারণে প্রায় চার বছর মঞ্চ থেকে বিরত ছিলেন বিটিএসের সাত সদস্য। ২০২৫ সালে প্রশিক্ষণ শেষ হওয়ার পর তারা আবার একত্রিত হয়েছেন। সম্প্রতি বৈশ্বিক ফ্যানডম প্ল্যাটফর্ম উইভার্সে ট্যুরের পোস্টার প্রকাশ করে ব্যান্ডটি, যা তাদের পুনর্মিলনকে ঘিরে ভক্তদের উত্তেজনা তুঙ্গে তুলেছে।
সূত্র জানায়, আগামী ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গয়াং শহর থেকে শুরু হবে বিটিএসের নতুন সংগীত সফর। গয়াংয়ে ৯, ১১ ও ১২ এপ্রিল টানা তিনটি কনসার্টের মাধ্যমে নিজ দেশে সফর শুরু করবেন আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। এর আগে ২০ মার্চ প্রকাশ পাবে তাদের বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম।
দক্ষিণ কোরিয়ার পর তারা জাপানের টোকিওয় অনুষ্ঠান করবেন। এরপর ২৭ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত উত্তর আমেরিকার বিভিন্ন শহরে ১২টি কনসার্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পন্ন করবে ব্যান্ডটি। জুনে পুনরায় দক্ষিণ কোরিয়ার বুসানে দুটি শো শেষ করে জুলাইয়ে ইউরোপ সফর শুরু হবে। লন্ডন, প্যারিস, মাদ্রিদ, ব্রাসেলস ও মিউনিখে তারা পারফর্ম করবেন।
অক্টোবর মাসে কলম্বিয়া, পেরু, চিলি, আর্জেন্টিনা ও ব্রাজিলে লাতিন আমেরিকা পর্বে গান পরিবেশন করবে ব্যান্ডটি। এরপর সেপ্টেম্বরে আবার যুক্তরাষ্ট্রে ফিরে লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সোফাই স্টেডিয়ামে ১ থেকে ৬ সেপ্টেম্বর চারটি মেগা কনসার্টের মাধ্যমে উত্তর আমেরিকা পর্ব শেষ করবে।
ভোরের আকাশ/তা.কা