বিটিএস-শাকিরা-ম্যাডোনাদের বিশ্বকাপ শো, পারিশ্রমিক ছাড়াই মঞ্চ মাতালেন

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অনুষ্ঠিত বহুল আলোচিত হাফটাইম শোতে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক সংগীত তারকা বিটিএস, শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। তবে আলোড়ন তোলা এই পরিবেশনার জন্য তারা কোনো নির্দিষ্ট পারিশ্রমিক নেননি বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ জুলাই স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের বিরতিতে আয়োজিত প্রায় ১১ মিনিটের এই বিশেষ আয়োজনটি এনএফএলের সুপার বোল হাফটাইম শো-এর আদলে পরিকল্পনা করা হয়। সেই নীতির অনুসারেই শিল্পীদের পারফরম্যান্সের জন্য আলাদা সম্মানী দেওয়া হয়নি।
এর পরিবর্তে আয়োজক সংস্থা পুরো মঞ্চ নির্মাণ, প্রযোজনা, প্রযুক্তিগত সহায়তা, ভ্রমণ ও অন্যান্য লজিস্টিক ব্যয় বহন করেছে। এছাড়া রিহার্সালে অংশ নেওয়া শিল্পীদের দৈনন্দিন ব্যয়ের জন্য সীমিত ভাতা দেওয়া হয়েছে।
মার্কার প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে শতকোটি দর্শকের সামনে সরাসরি পারফর্ম করার সুযোগই শিল্পীদের জন্য সবচেয়ে বড় অর্জন। এমন মঞ্চে অংশ নেওয়ার পর সাধারণত তাদের গান শোনার হার, ডিজিটাল স্ট্রিমিং, অ্যালবাম বিক্রি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের বাণিজ্যিক সুবিধা এনে দেয়।
এর আগের বিশ্বকাপ ও বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরগুলোর হাফটাইম শোতেও একই ধরনের নীতি অনুসরণ করা হয়েছে। আয়োজকদের মতে, বৈশ্বিক এই প্রচারই শিল্পীদের জন্য আর্থিক পারিশ্রমিকের চেয়েও বেশি মূল্যবান।
ফিফার সম্প্রসারিত বিনোদন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এবারের হাফটাইম শোতে চার বিশ্বখ্যাত শিল্পীর পরিবেশনা, আধুনিক মঞ্চসজ্জা ও প্রযুক্তিনির্ভর উপস্থাপনা বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
ভোরের আকাশ/জেআ