রাজীবের প্রথম চলচ্চিত্রে দেখা যেতে পারে সিয়াম আহমেদকে

বিজ্ঞাপন ও নাটক নির্মাতা আদনান আল রাজীব মাস কয়েক আগে প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন। তখন তিনি জানিয়েছিলেন, তার প্রথম সিনেমাটি হবে একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে। ঘোষণার পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এবার শোনা যাচ্ছে, রাজীবের এই বহুল প্রতীক্ষিত সিনেমায় প্রধান চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গুঞ্জন উঠেছে, রাজীবের অভিষেক চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে সিয়ামকে। যদিও নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বার্তা মেলেনি।
আদনান আল রাজীব জানিয়েছিলেন, তার প্রথম চলচ্চিত্রটি হবে একটি প্রেমের গল্প। সিনেমার নায়ক হিসেবে সিয়ামের যুক্ত হওয়ার গুঞ্জন শোনা গেলেও এর নায়িকা কে হচ্ছেন, তা এখনো চূড়ান্ত করা হয়নি বলেই ধারণা করা হচ্ছে। তবে বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে।
এ প্রসঙ্গে নির্মাতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।
যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে ‘জংলি’ ও ‘রাক্ষস’-এর মতো অ্যাকশনধর্মী কাজের পর সিয়াম আহমেদ বড় পর্দায় রোম্যান্টিক নায়ক হিসেবে ফিরবেন। এর আগে প্রেমের গল্পভিত্তিক একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।
ভোরের আকাশ/জেআ