নাচে নতুন পরিচয়ে মডেল রিবা, মুগ্ধতা ছড়ালেন মঞ্চে

বাংলাদেশের পরিচিত মডেল সাবরিনা জামান রিবা এবার নাচের মঞ্চে ভিন্ন এক পরিচয়ে নজর কাড়লেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি গভীর আগ্রহ থাকলেও নানা কারণে সেই চর্চা নিয়মিত হয়ে ওঠেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশন দুনিয়ার পাশাপাশি নাচের প্রতিও নিজের আগ্রহ ধরে রেখেছেন তিনি।
রিবা জানান, ছোটবেলায় নাচ শেখার ইচ্ছা থাকলেও পরিবার থেকে তাকে আঁকাআঁকি শেখার দিকে বেশি উৎসাহ দেওয়া হয়। সেই পথ ধরেই ড্রয়িং, স্কেচ ও অয়েল পেইন্টিংয়ে দক্ষতা অর্জন করেন। তার ভাষায়, পরিবারের সমর্থনই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। বিশেষ করে মা ও নানির অবদান তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
দীর্ঘদিন র্যাম্প মডেলিংয়ে কাজ করলেও এবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ নৃত্য পরিবেশনায় অংশ নেন রিবা। গত ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মঞ্চে নাচ পরিবেশন করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।
রিবা বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই নাচের সঙ্গে কিছুটা সম্পৃক্ততা ছিল। তবে এবার আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ নিয়ে মঞ্চে পারফর্ম করার সুযোগ তাকে ভীষণ আনন্দিত করেছে। বন্ধু মারিয়া ফারিহ উপমার হাত ধরে নাচে নতুনভাবে যুক্ত হওয়ার কথাও জানান তিনি।
‘উপমায়া ড্যান্স একাডেমি’তে তিন মাসের প্রশিক্ষণে অংশ নিয়ে নাচের বেসিক বিষয়গুলো শিখেছেন রিবা। স্বল্প সময়ের প্রস্তুতিতেই তিনি ক্লাসিক্যাল, ভরতনাট্যম ও লোকজ নৃত্যের সমন্বয়ে একটি পরিবেশনায় অংশ নেন, যা দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়।
নতুন এই অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে রিবা এখন নৃত্যশিল্পী হিসেবেও কাজ করতে আগ্রহী। র্যাম্প মডেলিংয়ের পাশাপাশি সুযোগ পেলে ভবিষ্যতে নিয়মিত নাচ নিয়েও কাজ করতে চান তিনি।
ভোরের আকাশ/সু.পা