দুই হাজার টাকা হাতে বিয়ে, ১৬ বছরের সংসার ছাড়লেন ইকরা

২০১০ সালে যাহের আলভী ও ইকরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই সময় বর আলভীর হাতে মাত্র দুই হাজার টাকা ছিল। আজকের দিনে আলভী বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু ব্যক্তিগত দুঃখের ছায়ায় চলে গেলেন তার স্ত্রী আফরা ইভনাত খান ইকরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ইকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ৪১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং দর্শন বিভাগে পড়াশোনা করতেন। ২০১০ সালের ৯ নভেম্বর হঠাৎ করে তারা বিয়ে করেছিলেন। তখন ভবিষ্যতের পরিকল্পনা ছিল না। সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে ইকরা বলেছিলেন, “ওর পকেটে মনে হয় মাত্র দুই হাজার টাকা ছিল। বন্ধুর কাছ থেকে ধার নিয়ে মিষ্টি কিনেছিল।”
পুরান ঢাকায় বাসায় নেন আলভী-ইকরা। প্রতিদিন ৫ ঘণ্টা লাগতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে। প্রকৌশলবিদ্যায় পড়া আলভীও অভিনেতা হওয়ার জন্য সংগ্রাম শুরু করলেন। তখনকার স্মৃতিচারণ করতে গিয়ে বাবা-মার একমাত্র মেয়ে ইকরা বলেছিলেন, ‘কষ্ট হতো অনেক, কিন্তু চিন্তা ছিল গ্র্যাজুয়েশন শেষ করতেই হবে। ভালো চাকরি করতে হবে। এর মধ্যে দুই পরিবারের মান-অভিমান ভাঙা শুরু হলে আমরা ২০১৫ সাল থেকে শুরু করলাম আমাদের লাল-নীল সংসার।’
সংসার চালাতে পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন ইকরা। আলভীর একদিন কপাল খুললো। ছোট ছোট স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হতে লাগলো। বিদেশ ভ্রমণ শুরু করলেন দুজন, প্রথম সন্তান এলো কোলে, হলো প্রথম গাড়িটাও। বিয়ের ১৪ বছরে স্মৃতিচারণ করতে গিয়ে ইকরা বলেছিলেন, ‘আমরা দুজন পেলাম সবচেয়ে প্রিয় বন্ধু, প্রিয় ট্রাভেল পার্টনার, হলাম বাবা-মা! দূর থেকে মনে হবে চাহিবা মাত্রই জীবন আমাদের দিয়েছে। না। চাহিবা মাত্র যা পাওয়া যায়, তার মূল্য অনুধাবন করা সহজ নয়।’

কিন্তু হঠাৎ একদিন দুঃখ নেমে এলো তাদের জীবনে। সংসারের সেই দুঃখ জয় করতে পারেননি তারা। আলভীর সর্বশেষ ফেসবুক পোস্ট ও ইকরার মন্তব্য বলে দেয়, সংসারে নানান জটিলতায় পর্যুদস্ত ছিলেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে ইকরার বিশ্ববিদ্যালয় জীবনের একজন বন্ধু জাগো নিউজকে বলেন, ‘ইকরার ভাই-বোন নেই। ইকরা-আলভীর সম্পর্কটাও নানা সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলো। দুঃখের পোস্ট দিয়েও ফেসবুক থেকে প্রায়ই মুছে ফেলতো ইকরা। মানসিকভাবে সে খুব একটা ভালো ছিল না।’
আলভীর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘কাক, ‘ভালোবাসা এমনই’, ‘কপাল’, ‘বেঈমান’ ও ‘অসহায়ের মতো ভালোবাসি’।
ভোরের আকাশ/এনএস