নারী কমিশনে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত সম্প্রতি বিতর্কের মুখে পড়ে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। “সরকে চুনর তেরি সরকে” গানের দৃশ্যায়ন ও এতে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর সোমবার (২৭ এপ্রিল) তিনি নারী কমিশনের সামনে হাজির হন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন সিনেমা “কেডি: দ্য ডেভিল”-এর হিন্দি সংস্করণের এই গানকে ঘিরে অভিযোগ ওঠে যে এতে সমাজের জন্য অনুপযুক্ত শব্দ ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে নারী কমিশন সংশ্লিষ্টদের তলব করে।
কমিশনের শুনানিতে সঞ্জয় দত্ত একটি লিখিত ক্ষমাপত্র জমা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, কাউকে আঘাত করা বা সমাজে কোনো নেতিবাচক প্রভাব ফেলার উদ্দেশ্য তার ছিল না।
শুধু ক্ষমা চাওয়াই নয়, তিনি একটি মানবিক উদ্যোগের ঘোষণা দেন। নিজের পক্ষ থেকে সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে ৫০ জন আদিবাসী কন্যাশিশুর শিক্ষার সম্পূর্ণ ব্যয় বহন করার কথা জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে চলচ্চিত্র বা যেকোনো সৃজনশীল কাজে নারী ও শিশুদের মর্যাদা রক্ষায় আরও সচেতন থাকার প্রতিশ্রুতিও দেন।
অন্যদিকে, একই ঘটনায় অভিযুক্ত অভিনেত্রী নোরা ফতেহি ওইদিন কমিশনে উপস্থিত হতে পারেননি। জানা গেছে, তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় পরবর্তী তারিখে হাজির হওয়ার জন্য আবেদন করেছেন। এর আগে ৭ এপ্রিল অনুষ্ঠিত প্রথম শুনানিতে ছবির পরিচালক, গীতিকার এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত হয়ে লিখিতভাবে ক্ষমা চান এবং স্বীকার করেন যে গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ভোরের আকাশ/সু.পা