বাগদান নিয়ে নাজনীন নীহার নতুন রহস্য

কয়েক মাস আগেই বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে ছিল। ওই সময় বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী নাজনীন নীহা। তবে এবার নতুন একটি পোস্ট দিয়ে পুনরায় আলোচনার জন্ম দিয়েছেন এ অভিনেত্রী।
সোমবার (২৯ জুন) ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেছেন নীহা। স্ট্যাটাসে ‘এঙ্গেজড’ উল্লেখ করেছেন। তারপর থেকেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে―তাহলে কি বাগদান সম্পন্ন করেছেন নীহা?
এ ব্যাপারে জানার জন্য সংবাদমাধ্যম থেকে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি তার। তবে তার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাগদানের বিষয়টি সঠিক নয়।
এদিকে সোশ্যাল মিডিয়ায় নীহার পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও কৌতূহলী বিভিন্ন প্রশ্ন দেখা গেছে। সেখানে অনেকেই অভিনেত্রীর হবু জীবনসঙ্গীর ছবি দেখার আবদার তুলেছেন। আবার কেউ মিষ্টি খাওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু এসব কোনো মন্তব্যেরই জবাব দেননি তিনি।
এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে ফেসবুক স্টোরিতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে হলুদ লাগানো দুটি হাতের ছবি পোস্ট করেছিলেন নীহা। তখন বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ছবিটি একটি নাটকের দৃশ্য এবং বিয়ের খবর ভিত্তিহীন।
কিন্তু এবারের পরিস্থিতি একদমই ভিন্ন। কেননা, বাগদানের ইঙ্গিত দিয়ে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করলেও এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি নীহা। এ কারণে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না, এটি তার ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ের সূচনা নাকি অন্য কোনো বিষয়।
প্রসঙ্গত, ২০২৩ সালে ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে ছোটপর্দায় অভিনয় শুরু করেন নাজনীন নীহা। পরে কয়েকটি নাটক করে পরিচিত লাভ করেন। তার অভিনীত নাটগুলোর মধ্যে রয়েছে ‘একটা তুমি লাগবে’, ‘মেঘবালিকা’, ‘চুপকথা’, ‘উইশ কার্ড’, ‘মিথ্যা প্রেমের গল্প’।
ভোরের আকাশ/জেআ