সোশ্যাল মিডিয়ার সমালোচনায় ব্যথিত ডলি জহুর

বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর সম্প্রতি এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য নিয়ে নিজের কষ্ট ও আক্ষেপের কথা প্রকাশ করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের ভালোবাসা পেলেও বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার আচরণ তাকে ব্যথিত করেছে।
তিনি বলেন, এখনকার অনেক দর্শক হঠাৎ করে এমন মন্তব্য করেন, যা একজন মানুষের মনে গভীর আঘাত দিতে পারে। তার ভাষায়, “আজকাল আমার দর্শক আমাকে আর ভালোবাসে না। ভালোবাসে না বলেই পট করে একটা কমেন্ট করে এবং সেই কমেন্টে যে একটি মানুষের ভিত নড়ে যেতে পারে, সেটা তারা বুঝতে পারে না।”
অভিনেত্রী আরও জানান, এই অভিজ্ঞতা তার জন্য অত্যন্ত কষ্টের। “এই দুঃখটা নিয়েই আমি মরবো। ৫০ বছর কাজ করলাম, কিন্তু কখনও ভাবিনি আমার গায়ে কোনো দাগ লাগবে,” বলেন তিনি।
ডলি জহুর জানান, দীর্ঘ ক্যারিয়ারে এমন সমালোচনার মুখে পড়তে হবে, তা তিনি কখনও কল্পনাও করেননি। তার মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের দৃষ্টিভঙ্গিও বদলে যায় এবং অনেক ক্ষেত্রে বয়স্ক শিল্পীরা অবহেলার শিকার হন।
নিজের অর্জনের কথা স্মরণ করে তিনি বলেন, এত বছর কাজ করে দর্শকদের ভালোবাসাই ছিল তার সবচেয়ে বড় প্রাপ্তি। তবে এখন সেই ভালোবাসা আগের মতো আছে কি না, তা নিয়ে তার মনে সংশয় তৈরি হয়েছে।
সবশেষে তিনি আক্ষেপ করে বলেন, মৃত্যুর পর মানুষ তাকে কীভাবে মনে রাখবে, সেটাও তিনি জানেন না। তবে এসব ভেবে আর লাভ নেই বলেও মন্তব্য করেন এই গুণী অভিনেত্রী।
ভোরের আকাশ/সু.পা