প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার ঝলক

বলিউড সুপারস্টার ও লরিয়েল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঐশ্বরিয়া রাই বচ্চন ঝড় তুললেন প্যারিস ফ্যাশন উইকের র্যাম্পে। ভারতীয় ডিজাইনার মনীষ মালহোত্রার বিশেষভাবে নকশা করা এক জমকালো শেরওয়ানিতে র্যাম্পে হেঁটে মুগ্ধ করেছেন তিনি।
শেরওয়ানিতে হীরার ব্রোচ, ১০ ইঞ্চি লম্বা হীরার কাফ এবং পেছনে নবরত্ন হারের নকশা যুক্ত ছিল। মনীষ মালহোত্রার ভাষায়, এই পোশাক আধুনিক নকশার মাধ্যমে ভারতীয় ঐতিহ্যের এক নতুন উপস্থাপনা। কাফগুলো একসঙ্গে শক্তি ও কোমলতার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে।
ঐশ্বরিয়ার উপস্থিতি যেমন দর্শক-ভক্তদের মন কাড়ে, তেমনি নেটিজেনদের মধ্যেও তৈরি করেছে আলোড়ন। র্যাম্পের ব্যাকস্টেজে তার সঙ্গে দেখা হয় ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজুর। আবেগঘন এক আলাপচারিতায় আদিত্য জানান, “আমার স্বামী আর আমি একসঙ্গে আছি আপনার কারণেই। আমাদের প্রথম আলাপে দু’ঘণ্টা ধরে শুধু আপনাকে নিয়েই কথা হয়েছিল।”
ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়। ক্যাপশনে আদিত্য লেখেন, “আমাদের হৃদয়ের রানি… স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করা। এখনও বিষয়টি অবিশ্বাস্য মনে হচ্ছে।”
ঐশ্বরিয়া নিজেও ভক্তের আবেগে সাড়া দিয়ে বলেন, “আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। যা বললেন, সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। আপনাদের দু’জনের জন্য অনেক শুভকামনা আর ভালোবাসা রইল।” এরপর তিনি নিজের লিপস্টিক উপহার দিয়ে আদিত্যকে বলেন, “তুমি মেকআপে ম্যাজিক করো, এটা ট্রেজার হিসেবে রেখে দিও।”
উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘পন্নিয়িন সেলভন ২’ ছবিতে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। বিশ্বজুড়ে ছবিটি আয় করে ৩৪৪ কোটিরও বেশি। তবে এ পর্যন্ত তার নতুন প্রজেক্টের ঘোষণা আসেনি।
ভোরের আকাশ।।হর