আইসিইউতে অভিনেত্রী তানিন সুবহা
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী তানিন সুবহা গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে তাকে।
জানা গেছে, সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনেত্রীকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়। এরপর সোমবার সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তানিন সুবহার মা তাসলিমা গণমাধ্যমকে জানান, হঠাৎ করেই ওর বুকে ব্যথা শুরু হয়। এরপর ও বমি করতে থাকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থা ভালো ছিল না। এখন ও আইসিইউতে, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য।
প্রসঙ্গত, শোবিজাঙ্গনে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক ঘটে ২০১৫ সালে আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ আরও বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি।
ভোরের আকাশ/এসএইচ