মাসে খরচ প্রায় ১৬ লাখ
‘রাকা’ শুটিং ঘিরে বিলাসবহুল ফ্ল্যাট আল্লু অর্জুন

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন মানেই পর্দায় নতুন চমক। সম্প্রতি ‘রাকা’ ছবির ঝলক প্রকাশ করে তিনি অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। বর্তমানে ছবিটির প্রস্তুতি ও শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। জানা গেছে, তার আসন্ন সিনেমা ‘রাকা’র বড় একটি অংশের শুটিং হবে মুম্বাইয়ে।
কাজের সুবিধা এবং দীর্ঘ যাতায়াতের ঝামেলা এড়াতে আরব সাগরের তীরবর্তী মায়ানগরী মুম্বাইয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি। শহরের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত এই ফ্ল্যাটটির আয়তন প্রায় ৬ হাজার বর্গফুট। এতে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল এবং চারটি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই রাজকীয় ফ্ল্যাটটির জন্য প্রতি মাসে প্রায় ১৬ লাখ টাকা ভাড়া দিতে হচ্ছে আল্লু অর্জুন-কে। তিন বছরের চুক্তিতে ফ্ল্যাটটি নেওয়া হয়েছে। বিশাল এই ভাড়ার অঙ্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
মুম্বাইয়ে তার বাসা নেওয়ার খবর প্রকাশের পরই শুরু হয় জল্পনা—তাহলে কি তিনি হায়দরাবাদ ছেড়ে স্থায়ীভাবে মুম্বাইয়ে যাচ্ছেন? তবে সেই ধারণা নাকচ করে দিয়েছেন তার বাবা ও প্রযোজক অল্লু অরবিন্দ।
তিনি জানান, ‘ছেলের বর্তমান ছবির শুটিং মুম্বাইয়ে হচ্ছে বলেই এই ব্যবস্থা। হায়দরাবাদই তার মূল ঠিকানা। তার সন্তানদের পড়াশোনা এবং পরিবারের বসবাস সেখানেই। তাই স্থায়ীভাবে মুম্বাইয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।’
শুধু ‘রাকা’ নয়, পরিচালক লোকেশ কনগরাজ-এর পরবর্তী সিনেমাতেও চুক্তিবদ্ধ হতে পারেন আল্লু অর্জুন। সেই ছবির শুটিংও মুম্বাইকে কেন্দ্র করে হতে পারে। সব মিলিয়ে, আগামী কয়েক বছরে মুম্বাইয়ে তার উপস্থিতি বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা