ঈদে প্রশংসিত জোভানের ব্যতিক্রমী নাটক ‘সম্মান’

ঈদুল আজহায় প্রচারিত ব্যতিক্রমধর্মী নাটক ‘সম্মান’ দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একজন আদর্শ শিক্ষক ও তাঁর প্রতি ছাত্রের শ্রদ্ধাবোধের গল্প নিয়ে নির্মিত নাটকটি ছুঁয়ে গেছে হাজারো দর্শকের মন।
আকবর হায়দার মুন্নার গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন লিমন আহমেদ এবং পরিচালনায় ছিলেন জনপ্রিয় নির্মাতা তপু খান। নাটকে শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান, ছাত্রের চরিত্রে ছিলেন ফারহান আহমেদ জোভান এবং তার বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।
১৩ জুন প্রচারিত এই নাটকটি এখন পর্যন্ত দেখা হয়েছে ৫ লাখেরও বেশি বার। দর্শকের ভালোবাসায় নাটকটি পেয়েছে ১৬ হাজারের বেশি লাইক এবং রয়েছে শত শত ইতিবাচক মন্তব্য। আশ্চর্যের বিষয়, একটি ডিজলাইকও নেই নাটকটিতে।
নাটকটি দেখে দর্শকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, এটি এবারের ঈদের সেরা নাটকগুলোর একটি। শিক্ষক-ছাত্রের সম্পর্ক, নৈতিকতা ও শ্রদ্ধাবোধের মতো বিষয়গুলো নাটকে খুব বাস্তবভাবে তুলে ধরা হয়েছে।
পরিচালক তপু খান জানান, “সামাজিক দায়িত্ববোধ থেকেই এমন গল্প নিয়ে কাজ করেছি। দর্শকদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা।” নাটকের অভিনেতারাও দর্শকের প্রশংসায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
‘সম্মান’ ঈদের বিনোদনের ভিড়ে একটি ভিন্ন স্বাদ এনে দিয়েছে, যা শুধু বিনোদন নয়, শিক্ষণীয় বার্তাও দিয়েছে।
ভোরের আকাশ//হ.র