উত্তরার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে হাসপাতালে ভর্তি পরীমণি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দুপুরের ওই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেড় শতাধিক আহত ব্যক্তি।
এই হৃদয়বিদারক ঘটনার অভিঘাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন অনেকে। তাদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। উত্তরার ঘটনার পর মানসিক আঘাত বা ট্রমায় আক্রান্ত হয়ে সোমবার রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। সেখানে তিনি লেখেন, "আমার ছোটবেলা থেকেই আগুন নিয়ে এক ধরনের ভয় বা ট্রমা আছে। কিন্তু কালকের দুর্ঘটনার পর সেটা যে এতটা গভীরভাবে মনে গেঁথে আছে, তা বুঝতেই পারিনি।"
তিনি আরও লেখেন, "গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি-ভিডিও দেখে আমার ভয়ঙ্কর প্যানিক অ্যাটাক হয়। বুক ধড়ফড় করতে থাকে। শেষ পর্যন্ত রাতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আহারে, এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবেন আল্লাহ!"
পরীমণির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার অসংখ্য ভক্ত ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন। বর্তমানে দুই সন্তানের জননী এই অভিনেত্রীকে ঘিরে ভক্তদের আবেগও প্রবলভাবে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
উল্লেখ্য, স্বাধীনতার পর এমন হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার অভিজ্ঞতা বাংলাদেশ আগে কখনো দেখেনি। শিশুদের করুণ মৃত্যু ও আহতদের দুর্দশা সারাদেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছে।
ভোরের আকাশ//হ.র