ক্যানসার জয় করে কাজে ফেরার অপেক্ষায় হিনা খান, মিলছে না সুযোগ

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান মাত্র ৩৬ বছর বয়সে স্তন ক্যানসারে আক্রান্ত হন। গত এক বছর ধরে চিকিৎসার মধ্য দিয়ে গেলেও তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় লড়াইয়ের প্রতিটি মুহূর্ত ভাগ করেছেন, যাতে অনুরাগীরা অনুপ্রেরণা পান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে হিনা জানিয়েছেন, অসুস্থতার পর থেকে কাজের সুযোগ পেতে সমস্যায় পড়ছেন তিনি।
২০২৪ সালের জুনে স্টেজ থ্রি স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন হিনা। এরপর কেমোথেরাপি ও অস্ত্রোপচার করাতে হয় তাকে। চিকিৎসার কঠিন সময়ে চুল কেটে ফেলার ভিডিও থেকে শুরু করে হাসপাতালের করিডোরে হাঁটার ছবি পর্যন্ত শেয়ার করেছেন তিনি। এই যাত্রায় পরিবার, বন্ধু ও ভক্তদের সাহস পেয়েছেন হিনা।
অসুস্থতার মাঝেই দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেন হিনা। এই দম্পতি সম্প্রতি ‘পতি পত্নী অউর পঙ্গা’ নামের একটি রিয়্যালিটি শোতে অংশ নেন। শোতে অংশগ্রহণের পরিকল্পনার কারণেই তারা দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন, যা অসুস্থতার কারণে আগে পিছিয়ে গিয়েছিল। শোতে তাদের সঙ্গে ছিলেন দেবলীনা বন্দ্যোপাধ্যায়-গুরমিত চৌধুরী, রুবিনা দিলাইক-অভিনব শুক্ল, অভিকা গোর-মিলিন্দ চন্দওয়ানি ও স্বরা ভাস্কর-ফহাদ আহমেদসহ আরও তারকা জুটি।
সাক্ষাৎকারে হিনা বলেন, “অসুস্থতার জন্য অনেক কাজ ছাড়তে হয়েছে। এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছি এবং কাজে ফিরতে চাই। কেউ সরাসরি বলেনি যে আমি পুরোপুরি সুস্থ নই, কিন্তু বুঝতে পারি মানুষ দ্বিধায় আছে।” তিনি জানান, গত এক বছরে কোনো অডিশনের ডাক পাননি, যদিও তিনি প্রস্তুত আছেন।
‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ও ‘কসৌটি জিন্দগি কে ২’-এর মতো হিট ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি হিনা ‘বিগ বস ১১’ এবং ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৮’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শোতেও অংশ নিয়েছেন। বর্তমানে সব বাধা পেরিয়ে আবারও অভিনয়ে ফিরতে চান তিনি এবং নির্মাতাদের কাছে কাজের আহ্বান জানিয়েছেন।
ভোরের আকাশ//হ.র