দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, টালিউডে নতুন বিতর্ক

দীর্ঘ ১০ বছর পর মুক্তি পাওয়া টালিউড সিনেমা ‘ধূমকেতু’ আবারও দর্শকের সামনে ফিরিয়ে এনেছে জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীকে। ছবিটি মুক্তির পর বক্স অফিসে ভালো সাড়া ফেললেও, জুটির নাম ঘিরে এবার তৈরি হয়েছে নতুন বিতর্ক।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, “যদি এই ছবি ২০২৫ সালে তৈরি হতো, তবে শুভশ্রীকেই কি নায়িকা হিসেবে বেছে নিতেন?”
উত্তরে দেব বলেন, শুভশ্রী এখন দুই সন্তানের মা। তার মুখের “ইনোসেন্স” ও সারল্য নষ্ট হয়ে গেছে। তাই নায়িকা নয়, হয়তো পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য কাস্ট করতেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই টালিপাড়ায় সমালোচনার ঝড় ওঠে।
প্রতিক্রিয়ায় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী খানিক ক্ষোভের সুরে বলেন, “একজন সেন্সিবল মানুষ কীভাবে এ রকম মন্তব্য করেন, আমি জানি না। আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই। আমি মা হয়েছি, আমার কাছে চরিত্রটাই আসল। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে একজন নায়ক, যিনি আমার সঙ্গে ছবির প্রচার করছেন, তিনি যদি এমন অসম্মানজনক মন্তব্য করেন, সেটা মেনে নেওয়া কঠিন।”
শুভশ্রী আরও জানান, ভবিষ্যতে দেব-শুভশ্রী জুটিকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে কি না, সে প্রসঙ্গে তিনি এখন আর কোনো প্রত্যাশা রাখছেন না। তার ভাষায়—
“আমি মা হয়ে গেছি, মুখে সারল্য নেই। বাবাঃ আমি আর কিছু জানি না।”
উল্লেখ্য, দেব-শুভশ্রী শুধু পর্দার জনপ্রিয় জুটিই ছিলেন না, একসময় বাস্তব জীবনেও তাদের প্রেমের গল্প টালিউডে ওপেন সিক্রেট ছিল। বিচ্ছেদের পরও তারা একসঙ্গে কাজ করেছিলেন ‘ধূমকেতু’ ছবিতে। তবে নতুন করে দেবের মন্তব্য ঘিরে ফের তোলপাড় শুরু হয়েছে টালিগঞ্জে।
ভোরের আকাশ//হ.র