তেলেগু অ্যাকশন ছবিতে জ্যাকুলিন ফার্নান্দেজ, আসছেন শক্তিশালী চরিত্রে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবার পা রাখছেন তেলেগু সিনেমায়। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, তেলেগু ইন্ডাস্ট্রির পরিচিত পরিচালক ভি জয়শঙ্কর এর সঙ্গে একটি নারীকেন্দ্রিক অ্যাকশন সিনেমায় কাজ করতে চলেছেন তিনি।
সিনেমাটি ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। জানা গেছে, এটি একটি তীব্র অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এতে জ্যাকুলিনকে দেখা যাবে এক শক্তিশালী নারী চরিত্রে, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।
ফিল্ম ইন্ডাস্ট্রির একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, সম্প্রতি পরিচালক জয়শঙ্কর ছবির চিত্রনাট্য অভিনেত্রীকে শুনিয়েছেন এবং তা তার বেশ পছন্দ হয়েছে। ফলে তিনি ছবিতে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন।
দর্শকদের ভিজ্যুয়াল অভিজ্ঞতা আরও বাড়াতে এতে থাকছে উন্নত মানের ভিএফএক্সের ব্যবহারও।
সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়েও আলোচনায় আছেন জ্যাকুলিন। গত জুলাই মাসে, ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় দায়ের করা এফআইআর বাতিলের আবেদন দিল্লি হাইকোর্ট খারিজ করে দেন। এই মামলার মূল অভিযুক্ত প্রতারক সুকেশ চন্দ্রশেখর এর সঙ্গে তার যোগসূত্র নিয়ে তদন্ত চলছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদেও এরই মধ্যে একাধিকবার হাজির হয়েছেন তিনি।
জ্যাকুলিনকে সর্বশেষ দেখা গেছে ‘হাউসফুল ৫’ সিনেমায়। এই তারকাবহুল কমেডি ছবিতে আরও ছিলেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, চিত্রাঙ্গদা সিং এবং নার্গিস ফাখরি। বক্স অফিসে ছবিটি দারুণ সাফল্য পায়।
এছাড়া, ২০২৫ সালের বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। আহমেদ খান পরিচালিত এই সিনেমাটিও একটি তারকাবহুল প্রজেক্ট। এতে জ্যাকুলিনের পাশাপাশি থাকছেন অক্ষয় কুমার, দিশা পাটানি, সঞ্জয় দত্তসহ আরও অনেকে।
ভোরের আকাশ//র.ন