শাবনূরের পোস্টে ভালোবাসার বন্যা, ভক্তদের উদ্দেশে কী বার্তা দিলেন অভিনেত্রী?

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। বড় পর্দায় নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন তিনি। নতুন ছবি ও বিভিন্ন ভাবনা-অনুভূতি নিয়মিতই ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে চারটি নতুন ছবি প্রকাশ করেছেন শাবনূর। কমলা রঙের ব্লেজারে তোলা ছবিগুলোতে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত রূপে ধরা দেন তিনি। ফুলে সাজানো মনোরম পটভূমিতে তোলা ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভরে যায় মন্তব্যের ঘর।
ছবির সঙ্গে একটি বার্তাও শেয়ার করেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, “বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।”
শাবনূরের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে অনেকেই মন্তব্য করেছেন। কেউ তাঁর প্রজ্ঞার প্রশংসা করেছেন, আবার কেউ তাঁর অভিনয়জীবনের স্মৃতি তুলে ধরে ভালোবাসা প্রকাশ করেছেন।
একজন ভক্ত মন্তব্য করেন, “আমরা জানি, শাবনূর আপু একজন ভালো মানুষ।” অন্য একজন লেখেন, “বাংলা চলচ্চিত্রে শাবনূরের বিকল্প নেই। তাঁর অভিনয় আজও দর্শকের হৃদয়ে অমলিন।”
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে ছবিটির কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে সিনেমাটির কিছু অসম্পাদিত ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর থেকে নতুন কোনো সিনেমায় এখনও দেখা যায়নি এই জনপ্রিয় অভিনেত্রীকে।
ভোরের আকাশ/এনএ