১৮ বছরেও চেহারায় বদল নেই, ফিটনেসের রহস্য ফাঁস করলেন কারিনা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান—দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় একের পর এক চরিত্রে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। তবে অবাক করার বিষয় হলো, এই দীর্ঘ সময়েও তার চেহারায় যেন বয়সের ছাপ পড়েনি। কীভাবে সম্ভব হলো এই সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখা? সম্প্রতি সেই রহস্য জানিয়েছেন তার নিউট্রিশনিস্ট ঋজুতা দিওয়েকার।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘টশন’ ছবির সময় থেকেই বলিউডে ‘জিরো ফিগার’ ট্রেন্ড চালু করেন কারিনা। এরপর গর্ভাবস্থার সময় ফটোশুট, সন্তানের জন্মের কয়েক মাসের মধ্যেই কাজে ফেরা—সবক্ষেত্রেই তিনি ছিলেন নজিরবিহীন।
নিউট্রিশনিস্ট ঋজুতা দিওয়েকার জানিয়েছেন, কারিনা খেতে ভালোবাসেন ঠিকই, তবে নিজের খাদ্যাভ্যাসে চূড়ান্ত নিয়মশৃঙ্খলা বজায় রাখেন। সপ্তাহের পাঁচ দিন তিনি প্রায় একই রকম খাবার খান। বিশেষ করে রাতের খাবারে গত ১৮ বছর ধরে কোনো পরিবর্তন আনেননি। প্রতিদিন রাতেই খিচুড়ি ও ডাল খান তিনি।
তবে এ নিয়ে কোনো একঘেয়েমি নেই কারিনার। বরং বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চাইনিজ খাবার তার পছন্দের তালিকায় উপরের দিকেই রয়েছে। এ ছাড়া ঘি ও মিষ্টিও তিনি বাদ দেননি খাদ্যতালিকা থেকে। ঋজুতার মতে, ঘি শরীরের অভ্যন্তরীণ ডিটক্স প্রক্রিয়ায় সহায়তা করে। ছেলে তৈমুরের জন্মের পর কারিনার স্কিন টোন ঠিক রাখতে তাকে ঘি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
এ ছাড়া মাঝেমধ্যেই তাকে চকলেট পেস্ট্রি খেতেও দেখা যায়। ঋজুতার ভাষায়, “সঠিক পরিমাণে মিষ্টি শরীরকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা ফিটনেসের অংশ।”
কারিনার এই সুপরিকল্পিত ডায়েট রুটিনের পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও তাকে এত বছর ধরে একইভাবে ফিট ও ফ্রেশ থাকতে সাহায্য করেছে বলে মনে করেন ঋজুতা দিওয়েকার।
ভোরের আকাশ//হ.র