স্বাধীনতা পুরস্কার ২০২৬ সম্মানিত হলেন হানিফ সংকেত

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-এর উপস্থাপক ও নির্মাতা কে এম হানিফ (হানিফ সংকেত)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। এর আগে গত ৫ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পুরস্কার গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
হানিফ সংকেত বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আসছেন। তার উপস্থাপনা ও নির্মাণশৈলীতে সামাজিক অসংগতি নিয়ে ব্যঙ্গ-রসাত্মক উপস্থাপনা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
উপস্থাপনার পাশাপাশি অভিনয় জগতেও তিনি কাজ করেছেন। প্রয়াত লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পরিচালনায় কুসুম নাটকে তার অভিনয় প্রশংসিত হয়। এছাড়া ১৯৮৮ সালের চলচ্চিত্র আগমন-এ খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। পরবর্তীতে চাঁপা ডাঙ্গার বউ ও ঢাকা-৮৬ সহ একাধিক চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।
ভোরের আকাশ/সু.পা