১২ মে জাহাঙ্গীরনগরে ‘রইদ’ সিনেমার প্রচারণা ও কনসার্ট

মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি ‘রইদ’ সিনেমার গল্প লিখেছেন। ইতিমধ্যে সিনেমাটির দুটি গান মুক্তি পেয়েছে। ‘রইদে আইলা গা জুড়াইতে’ এবং কানাই দাস বাউলের গাওয়া ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ শিরোনামের। ১২ই মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে রইদের গান নিয়ে অনুষ্ঠিত হবে কনসার্ট ‘রইদের গান’। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। আগামীকাল জাবির কনসার্টে রইদ সিনেমার প্রচারে উপস্থিত থাকবেন সিনেমার অভিনয়শিল্পীরা।
জহির রায়হান চলচ্চিত্র সংসদ আয়োজিত রইদের গানে পারফর্ম করবে ব্যান্ড মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া ও সোহাগস ফ্রিকোয়েন্সি।
যৌথভাবে এর চিত্রনাট্য তৈরি করেছেন সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান (সাধু চরিত্রে) এবং নাজিফা তুষি (স্ত্রীর চরিত্রে)। এছাড়াও রয়েছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।
চলচ্চিত্রটি নেদারল্যান্ডসের ৫৫তম রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ ‘টাইগার কম্পিটিশন’ বিভাগে নির্বাচিত হয়েছিল এবং সেখানেই এর বিশ্ব প্রিমিয়ার হয়।
সিনেমাটি প্রযোজনা করছে বঙ্গ (Bongo) ও ফেসকার্ড প্রোডাকশন এবং নির্বাহী প্রযোজক হিসেবে আছেন ‘দিল্লি ক্রাইম’ খ্যাত অপূর্বা বকশি।
এর আগে, মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। সিনেমা মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের গাওয়া ‘আটটা বাজে দেরি করিস না’ এবং মেঘদলের ‘হাওয়া’ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করেছিল হাওয়া টিম। গানগুলো ছড়িয়ে পড়েছিল মানুষের মুখে মুখে। ‘রইদ’ সিনেমার প্রচারেও একইভাবে এগোচ্ছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন।
ভোরের আকাশ/মেদ্র