প্রেম নয়, কেন শুধু ‘সিঙ্গেল’ পরীমণিকেই দেখতে চায় মানুষ?

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আইনি লড়াই এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি দাবি করেন, মানুষ তাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না; বরং সন্তানদের নিয়েই দেখতে পছন্দ করে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পরীমণি বলেন, “আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। আমাকে সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমনটা হয়, আমি জানি না।”
দীর্ঘদিন গ্রেপ্তারের ঘটনা নিয়ে নীরব থাকার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সত্য একদিন না একদিন প্রকাশ পায়—এই বিশ্বাস থেকেই তিনি অপেক্ষা করেছেন। তার ভাষায়, “কোনো সত্যই চিরদিন চাপা থাকে না।”
পরীমণির অভিযোগ, তাকে গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। সে সময় তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং বাসায় তল্লাশির অনুমতিও সংশ্লিষ্টদের কাছে ছিল না বলে দাবি করেন তিনি।
চলমান আইনি লড়াই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি কখনো রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করেননি। বরং আইনের প্রতি আস্থা রেখে আদালতের রায়ের অপেক্ষায় আছেন। তার বিশ্বাস, একদিন আদালত তাকে নির্দোষ ঘোষণা করে সম্মান ফিরিয়ে দেবে।
দেশে শিল্পীদের নিরাপত্তার প্রসঙ্গ টেনে পরীমণি বলেন, শুধু শিল্পী নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হওয়া প্রয়োজন। তার মতে, সবাই হেনস্তামুক্ত ও নিরাপদ জীবন পাওয়ার অধিকার রাখে।
ভোরের আকাশ/এনএ