দেব-শুভশ্রী আবার পর্দায়, 'এই জন্মে কেউ কাউকে সরাতে পারবে না' বললেন দেব

দীর্ঘ ৯ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। ব্যক্তিগত জীবনের সম্পর্কের টানাপোড়েন এবং দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তারা।
দেব-শুভশ্রী জুটি একসময় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত ছিল। পর্দায় রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেম ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। তবে সম্পর্কে ভাঙনের পর একসঙ্গে আর দেখা যায়নি এই জুটিকে। ‘ধূমকেতু’র কাজ অনেক আগেই শুরু হলেও নানা কারণে ছবির মুক্তি পিছিয়ে যায়।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন,
"এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রী সরাতে পারব অনস্ক্রিন জুটি হিসেবে।"
তার এই মন্তব্যে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া পড়ে গেছে, তৈরি হয়েছে পুরোনো দিনের নস্টালজিয়া।
আবেগঘন কণ্ঠে দেব আরও বলেন,
"একটা প্রজন্ম আমাদের সঙ্গে বড় হয়েছে। আজ তারা হয়তো বিদেশে চাকরি করছে। লন্ডনে শ্যুটিংয়ের সময় অনেক বাঙালি বলেছেন, ‘ধূমকেতু’ লন্ডনে দেখাতে হবে। তারা বিভিন্ন জায়গা থেকে এসে দেব-শুভশ্রীর সিনেমা দেখতেন।"
দর্শকদের মাঝে এখন বাড়ছে প্রত্যাশা—‘ধূমকেতু’ কি পারবে সেই পুরোনো জাদু ফিরিয়ে আনতে? ৯ বছরের দীর্ঘ বিরতির পর পর্দায় দেব-শুভশ্রী জুটিকে আবারও দেখতে পাওয়ার উচ্ছ্বাসে মুখর ভক্তরা। সিনেমাটি ঘিরে টলিউডেও চলছে ব্যাপক আলোচনা।
ভোরের আকাশ//হ.র