নওগাঁয় স্বাধীনতার কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় ও কাব্যিক আবহে ‘স্বাধীনতার কবিতা সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে শহরের মুক্তির মোড় সংলগ্ন মৃত্তিকা অ্যাডফার্মে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল কবিদের স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি। এতে অংশ নেন বাচিক শিল্পী ও সংগঠনের উপদেষ্টা কায়েস উদ্দীন, সহ-সভাপতি কবি রবিউল মাহমুদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, কবি ও কথাসাহিত্যিক মনোয়ার লিটন, কবি রিমন মোরশেদ, হাসমত আলী এবং এম এ ওয়াজেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবিতা কেবল শব্দ নয়, বরং সংগ্রামের এক শক্তিশালী হাতিয়ার। স্বাধীনতার চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখে।
সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ বলেন,আমাদের স্বাধীনতার ইতিহাস ত্যাগের ও গৌরবের। কবিতার পংক্তিতে সেই বীরত্বগাথা তুলে ধরার মাধ্যমেই আমরা শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি। এই আয়োজন আমাদের শেকড়ের সাথে যুক্ত রাখে। কবিতা পাঠের ওপর গুরুত্বারোপ করে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক রবিউল করিম, গল্পকার হাবিব রতন, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক আব্দুর রহমান রিজভী এবং বাচিক শিল্পী রোকেয়া শাকিলা।
অনুষ্ঠানে কবিতা পাঠের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভোরের আকাশ/এনউব