দীর্ঘ বিরতির পর্দায় ধানুশ-পল্লবী জুটি

দক্ষিণী তারকা ধানুশ ও সাই পল্লবীর জনপ্রিয় জুটি আবারও ফিরছে রুপালি পর্দায়। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মারি ২’-এর হিট গান ‘রাউডি বেবি’র মাধ্যমে দর্শকপ্রিয়তা পাওয়া এই জুটি দীর্ঘ আট বছর পর নতুন সিনেমায় একসঙ্গে দেখা যাবে।
রাজকুমার পেরিয়াসামি পরিচালিত বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার ‘ওম’-এ আবারও একসঙ্গে অভিনয় করছেন ধানুশ ও সাই পল্লবী। সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে, যাকে নির্মাতা নাম দিয়েছেন ‘ওম ফার্স্ট স্ট্রাইক’।
টিজার প্রকাশের পর থেকেই দক্ষিণী চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। টিজারে ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় আতঙ্কিত গ্রামবাসীদের দৃশ্য দেখা যায়। এরপরই ঝড়ো আবহাওয়ার মধ্যে ধানুশের নাটকীয় প্রবেশ ঘটে। শুরু হয় তীব্র অ্যাকশন দৃশ্য, যেখানে তিনি প্রতিপক্ষকে পরাস্ত করেন। টিজারের শেষ অংশে ধানুশকে একটি বিশাল অস্ত্র উঁচিয়ে ধরতে দেখা যায়, আর পর্দায় ভেসে ওঠে সিনেমার নাম ও মুক্তির তারিখ।
তবে টিজারে প্রধান নারী চরিত্র সাই পল্লবীকে দেখা যায়নি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মালয়ালম মেগাস্টার মামুট্টি এবং শ্রীলীলা। উল্লেখ্য, সাই পল্লবী এর আগে রাজকুমার পেরিয়াসামির ‘আমরণ’ সিনেমায় কাজ করেছিলেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওম’।
ভোরের আকাশ/সু.পা