তৃতীয় মেয়াদে ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পেয়েছেন। এটি তার টানা তৃতীয় মেয়াদ।
আগামী দুই বছর ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন জয়া। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সচেতনতা তৈরির পাশাপাশি নানা কার্যক্রমে অংশ নেবেন।
জয়া আহসান প্রথমবার ২০২২ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন। এরপর দ্বিতীয় মেয়াদে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এবার সংস্থাটি তার সঙ্গে তৃতীয় মেয়াদের জন্য চুক্তি নবায়ন করেছে।
শুভেচ্ছাদূত হিসেবে আবার দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া বলেন, “ইউএনডিপির সঙ্গে এই যাত্রা অব্যাহত রাখতে পেরে আমি আনন্দিত। এসডিজি অর্জনের জন্য এখন আর মাত্র পাঁচ বছর বাকি। এটি সবার যৌথ দায়িত্ব, আর আমি প্রতিশ্রুতিবদ্ধ, যেন আমরা সবাই মিলে সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।”
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “জয়া আহসানকে আবারও শুভেচ্ছাদূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন খ্যাতিমান শিল্পী নন, বরং টেকসই সমাজ গড়ে তোলার একজন শক্তিশালী কণ্ঠস্বর। আমরা বিশ্বাস করি তার কাজের মাধ্যমে এসডিজির বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।”
এদিকে অভিনয় ক্যারিয়ারেও সমান ব্যস্ত জয়া আহসান। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ভারতের সিনেমা ‘ডিয়ার মা’-তে। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।
ভোরের আকাশ//হ.র