আইটেম গানে গ্ল্যামার ছড়াতে প্রস্তুত ববি

নতুন একটি সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমার এই গানে পর্দায় পারফর্ম করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। প্রাণবন্ত নৃত্য ও গ্ল্যামারাস উপস্থিতিতে গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন তিনি।
‘নো চিন্তা ডু ফুর্তি/এনজয় কর নাইট/ ডিজে পার্টির ড্যান্স ফ্লোরে লাল নীল লাইট’—এমন কথার পার্টি ঘরানার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজীব। সম্প্রতি রাজধানীর মগবাজারে একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, গানটি সিনেমার একটি বিশেষ মুহূর্তে ব্যবহার করা হবে, যা দর্শকদের জন্য বাড়তি বিনোদন যোগ করবে। গানটি নিয়ে কোনাল বলেন, দীর্ঘদিন পর আইটেম গান গাওয়ার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত। আগে বেশ কিছু প্রস্তাব পেলেও গানের কথা পছন্দ না হওয়ায় সেগুলোতে কণ্ঠ দেননি। তবে ‘তছনছ’-এর এই গানটির কথা, সুর ও উপস্থাপনা তাঁর কাছে ভিন্নমাত্রা তৈরি করেছে। তিনি আশা করছেন, গানটি মুক্তির পর ভালো সাড়া পাবে।
ববি বলেন, “এই গানের জন্য নিজেকে আলাদাভাবে প্রস্তুত করতে হয়েছে। নাচের রিহার্সাল থেকে শুরু করে লুক—সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করেছি। দর্শকরা আমাকে ভিন্ন রূপে দেখবেন।” বর্তমানে স্টেজ শো ও নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কোনাল। ‘কসম’ নাটকে তাঁর গাওয়া ‘বন্ধু তোরে দেখতে মন চায়’ গানটি শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
অন্যদিকে, একসময় নিয়মিত অভিনয় করলেও এখন বেছে বেছে কাজ করছেন ববি। তাঁর হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ এবং মুক্তির অপেক্ষায় আছে কয়েকটি চলচ্চিত্র। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ময়ুরাক্ষী’। পর্দায় না থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন তিনি।
ভোরের আকাশ/সু.পা