এবার প্রযোজক হিসেবে চলচ্চিত্রে ফেরছেন পপি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি শোবিজ অঙ্গনে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে নায়িকা হিসেবে নয়, এবার তিনি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন প্রযোজক হিসেবে।
সম্প্রতি এক গণমাধ্যমকে পপি জানান, তিনি অভিনয়ে আর ফিরবেন না। তবে কিছু অসমাপ্ত পুরোনো ছবির কাজ শেষ করার পর পুরোপুরি মনোযোগ দেবেন প্রযোজনায়। এর আগে পপি কিছু ছবি প্রযোজনা করেছিলেন। তিনি উল্লেখ করেন, মনোয়ার খোকন পরিচালিত এক ছবিতে ২০ লাখ টাকা লোকসান হয়, যা তিনি টিমের অসহযোগিতার কারণে হয়েছে বলে মনে করেন।
পপি বলেন, “আমি সিনেমা প্রযোজনা করব, এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা আমি আগেও করেছি। এবার চাই ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে।”
পপির শেষ অভিনয় শুটিং হয়েছিল ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ ছবিতে। এরপর পাঁচ বছর আড়াল জীবনযাপন শেষে তিনি এ বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন। জানা যায়, এই সময়ে তিনি বিবাহিত হয়েছেন এবং এক পুত্রসন্তানের মা।
১৯৯৭ সালে ‘কুলি’ চলচ্চিত্রের মাধ্যমে পপির অভিনয় জীবন শুরু হয়। এরপর তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেন। প্রযোজক হিসেবে পপির নতুন যাত্রা চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার বার্তা হিসেবে ধরা হচ্ছে।
ভোরের আকাশ // হ.র